Maharashtra Assembly Election 2024: শিন্ডের প্রার্থীকে নয়, মাহিমে রাজ ঠাকরের ছেলেকে সমর্থন করবে বিজেপি
হাতে আর মাত্র দিন ২০ বাকি। প্রচার চলছে জোরকদমে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মাহিম কেন্দ্রের দিকেও বিশেষ নজর থাকবে৷ ওই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হচ্ছে। সেখানে বিজেপি প্রার্থী হিসেবে না থাকলেও পদক্ষেপে চমক আছে৷
এই মাহিম বিধানসভা কেন্দ্রে লড়াই বেশ জমে উঠেছে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরের ছেলে অমিত ঠাকরে সেখানে প্রার্থী হয়েছেন। বর্তমান শিবসেনা বিধায়ক সদা সারভাঙ্কর এবারও লড়ছেন সেখান থেকেই। এছাড়াও শিবসেনার (ইউবিটি) মহেশ সাওয়ান্তকে প্রার্থী করা হয়েছে। উদ্ভব ঠাকরে তার উপর আস্থা রেখেছেন।

অতীতের শিবসেনা ভেঙে এখন এই তিনটি রাজনৈতিক দল৷ কাজেই তাদের মধ্যে লড়াই কতটা হবে? সেই নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা। এক্ষেত্রে বিজেপি রাজ ঠাকরের ছেলে অমিত ঠাকরেকে সমর্থনের কথা জানিয়েছে। আর তাতেই ওই কেন্দ্রে রাজনৈতিক সমীকরণ নিয়ে জল মাপা চলছে৷
একনাথ শিন্ডের দল মহাজুটি জোটের মধ্যে আছে৷ কিন্তু এখানে শিন্ডের দলের প্রার্থীকে সমর্থন দিচ্ছে না গেরুয়া শিবির। বিজেপি আশা করেছিল একনাথ শিন্ডের শিবসেনা অমিত ঠাকরের পক্ষে থাকবে। বিধায়ক সারভাঙ্করকে ওই কেন্দ্রে প্রার্থী করা হবে না। কিন্তু তেমন হয়নি।
যদিও বিজেপি নেতারা দাবি করেন, এই বিষয়ে শিন্ডের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। শিবসেনা নেতারা যুক্তি দেন, তারা যদি প্রার্থী না দাঁড় করায়, তাদের ভোট উদ্ধব গোষ্ঠীতে স্থানান্তরিত হতে পারে। সেই কারণেই সেখানে প্রার্থী দেওয়া হয়েছে।
সারভাঙ্কর বুধবার রাজ ঠাকরেকে অনুরোধ করেছিলেন। মাহিম রেস থেকে তার ছেলের নাম প্রার্থী হিসেবে প্রত্যাহার করা হোক। শিবসেনাকে সমর্থন করা হোক। কিন্তু সেই কথায় মান্যতা দেওয়া হল না। তিনি বিধায়ক হিসেবে তিন বার নির্বাচিত। কিন্তু এবার সেই আসন নিয়ে চর্চা বেশ ভালো রকম শুরু হয়েছে।
রাজ ঠাকরের দল আনুষ্ঠানিকভাবে মহাজুটি জোটের অংশ নয়। মহাজুটি জোট বিজেপি, শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপিকে নিয়ে তৈরি হয়েছে। এই অবস্থায় বিজেপির রাজ ঠাকরের ছেলেকে সমর্থনের বার্তা, যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।












Click it and Unblock the Notifications