Mahakumbh Mela 2025: মহাকুম্ভ মেলায় রেকর্ড ভিড় সামাল দিতে প্রস্তুত প্রয়াগরাজ, নজর কাড়ছে লেজার শো
Mahakumbh Mela 2025: কাল থেকেই প্রয়াগরাজে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কুম্ভ মেলা প্রতি বছর দেশের চারটি জায়গায় হলেও প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হয় ১২ বছর অন্তর।
আজই ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সেরেছেন বহু পুণ্যার্থী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন ৪৫ মিনিটের লেজার শো-র। যাতে বিস্তারিতভাবে মহাকুম্ভ সম্পর্কে তথ্য তুলে ধরা হচ্ছে।

এবারের মহাকুম্ভ মেলায় ৪৫ কোটি মানুষ অংশ নিতে পারেন বলে জানা যাচ্ছে। দেশ-বিদেশের বহু সাধু, সন্ত থেকে সাধারণ মানুষ পৌঁছে গিয়েছেন প্রয়াগরাজে। ৪ হাজার হেক্টর জমিতে ২৫টি সেক্টরে ভাগ করে এবারের মেলার আয়োজন।
গ্রহের অবস্থান দেখে ১৪৪ বছর পর এবারের মহাকুম্ভ সবচেয়ে পুণ্যের বলে জ্যোতিষীরা জানাচ্ছেন। গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম, যাকে ত্রিবেণী সঙ্গম বলে সেখানে কাল পৌষ পূর্ণিমা স্নান দিয়ে মহাকুম্ভ শুরু হবে। ১৪ জানুয়ারি থাকবে মকর সংক্রান্তি স্নান।
এ ছাড়া ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা স্নান, ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী স্নান, ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান ও ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি স্নান উল্লেখযোগ্য। মকর সংক্রান্তিতে ৭ কোটি পুণ্যার্থী প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারবেন।
প্রয়াগরাজ শহর ও আশেপাশে নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কেন্দ্রীয় হাসপাতালের পাশাপাশি প্রতিটি সেক্টরে ২০ শয্যার হাসপাতাল খোলা হয়েছে। স্নানের সময় কোনও বিপত্তি এড়াতে ৫০টি ঘাটে ৩০০ জন ডাইভারকে রাখা হয়েছে। চারটি ওয়াটার অ্যাম্বুল্যান্সও রয়েছে।
এনএসজি কম্যান্ডো থেকে শুরু করে ৭০টি জেলার পুলিশ ও নিরাপত্তারক্ষী-সহযোগে সাত-স্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের প্রধান প্রশান্ত কুমার। এআই চালিত ক্যামেরা, ড্রোন, অ্যান্টি ড্রোন সিস্টেম বসানো হয়েছে।












Click it and Unblock the Notifications