অবৈধ সম্পর্কের অভিযোগে কুমার বিশ্বাসকে তলব দিল্লি মহিলা কমিশনের
নয়াদিল্লি, ৪ মে : একটা সমস্যা মেটে কী মেটে না, আর একটা সমস্যা এসে হাজির হয়ে যায় আম আদমি পার্টির সামনে। এবার সমস্যার মুখে আপের শীর্ষ নেতা কুমার বিশ্বাস। দলেরই এক মহিলা কর্মীর সঙ্গে তাঁর অবৈধ সম্পর্কের গুজব রটা সত্ত্বেও কুমার বিশ্বাস চুপ থাকায় এবার তার নামে মহিলা কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা কর্মী। অভিযোগের ভিত্তিতে কুমার বিশ্বাসকে তলব করেছে দিল্লি মহিলা কমিশন।
একটি সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে দিল্লি কমিশন ফর ওয়মেন (ডিসিডব্লু)-এর চেয়ারপারসন বরখা শুক্লা সিং জানিয়েছেন, ওই মহিলা কর্মী এই বিষয়ে অভিযোগ জানিয়ে দিল্লি পুলিশ কমিশনার এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকেও একটি চিঠি লিখেছেন।

কমিশন কুমার বিশ্বাসকে শমন পাঠিয়েছে, এবং তাঁকে মঙ্গলবারের মধ্যে এসে দেখা করতে বলেছে।
সূত্রের খবর অনুযায়ী, ওই মহিলার মূল অভিযোগ, কুমার বিশ্বাসের সঙ্গে তাঁর অবৈধ সম্পর্কের গুজব রটানো হচ্ছে জেনেই চুপ ছিলেন বিশ্বাস। তিনি বিষয়টি নিয়ে স্পষ্ট কোনও প্রতিক্রিয়া দেননি এমনকী এই ভুল ভাঙার চেষ্টাও করেননি। এই গুজবের জন্য তাঁর স্বামী তাঁকে ছেড়ে চলে গিয়েছে।
এর পাশাপাশি মহিলার এও অভিযোগ, অরবিন্দ কেজরিওয়ালের কাছে এই ধরণের গুরুতর অভিযোগ আনা সত্ত্বেও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। এবং এই বিষয়ে কোনও পদক্ষেপ নেননি।












Click it and Unblock the Notifications