'এই নির্বাচনেই তিন পরিবারের রাজত্ব শেষ হবে, মোদী থাকতে উপত্যকায় সন্ত্রাসবাদ ফিরবে না': অমিত শাহ
কাশ্মীরে প্রথম দফা নির্বাচনের (Kashmir Assembly election) পর ভোটের উত্তাপ আরও কিছুটা বেড়েছে। সেই উত্তাপের মাঝে জম্মু-কাশ্মীরের মেন্ধার বিধানসভা আসনে সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি বলেন, এই নির্বাচন কাশ্মীরের তিনটি পরিবারের রাজত্বের সমাপ্তি ঘটাতে চলেছে।
অমিত শাহের কথায়, আবদুল্লা পরিবার, মুফতি পরিবার এবং নেহরু-গান্ধী পরিবার - এই তিনটি পরিবার কাশ্মীরে গণতন্ত্রকে স্তব্ধ করে রেখেছিল। যদি ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় না আসত, তাহলে এখানে পঞ্চায়েত, ব্লক এবং জেলা স্তরের নির্বাচনও দিনের আলো দেখত না।

নরেন্দ্র মোদী সরকার কাশ্মীরে সন্ত্রাসবাদকে খতম করেছে বলেও এদিন দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, মোদী সরকার যুব সমাজের হাতে পাথরের বদলে ল্যাপটপ তুলে দিয়েছে। মোদীজি ক্ষমতায় আসার পরে ওবিসি, পিছিয়ে পড়া জাত, গুজ্জর বাকরওয়াল এবং পাহাড়িরা সংরক্ষণ পেয়েছে। যখন এই বিল সংসদে পেশ করা হয় তখন ফারুক আবদুল্লার দল তার বিরোধিতা করেছিল। পরে আমরা সকলকেই সংরক্ষণের আওতায় এনে আমাদের দেওয়া কথা পূরণ করেছি।
এর পাশাপাশি নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ বলেন, হাজার হাজার যুবক সন্ত্রাসবাদের বলি হয়েছেন কাশ্মীরে। এই তিন পরিবার তা আটকাতে পারেনি। মোদী সরকার আসার পরই যুবকদের হাতে পাথরের বদলে ল্যাপটপ তুলে দিয়েছে বিজেপি। ওমর আবদুল্লা বলে গেছেন, এখানে আবার সন্ত্রাস ফিরবে। আমি বলে যাচ্ছি, কেন্দ্রে আমাদের সরকার রয়েছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, মোদীজি প্রধানমন্ত্রী। সুন্দর কাশ্মীরে আমরা সন্ত্রাসবাদকে ঢুকতে দেব না।
প্রসঙ্গত, কাশ্মীরে গত ১৮ সেপ্টেম্বর প্রথম দফা ভোটে ৬১.৩৮ শতাংশ ভোট পড়েছে। প্রথম দফায় মোট ২৪টি আসনে ভোটগ্রহণ হয়েছে। পরের দফা ভোট রয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর। ২০১৯ সালের অগাস্টে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন চলছিল। তারপর এই প্রথম উপত্যকায় ভোটগ্রহণ চলছে। মোট তিন দফায় কাশ্মীরে ভোটগ্রহণ চলবে। তৃতীয় দফার ভোট হবে আগামী ১ অক্টোবর। ৯০ আসনের কাশ্মীর বিধানসভায় শেষ অবধি কারা জয় পায়, সেদিকেই সকলের নজর থাকবে।












Click it and Unblock the Notifications