কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩: কংগ্রেসের বিপুল জয়! কাণ্ডারি পিকে-র প্রাক্তন সহযোগী
কর্নাটকে কংগ্রেস বিপুল জয় পেয়েছে। দক্ষিণে বিজেপির দুয়ার বলে পরিচিত কর্নাকের দরজাও এবার গেরুয়া শিবিরের কাছে বন্ধ হয়ে গেল। কংগ্রেসের এই বিপুল জয়ের পিছনে বড় অবদান রয়েছে এক নির্বাচনী কৌশলবিদের। তিনি আবার অপর নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোরের প্রাক্তন সবহযোগী।
নির্বাচনী কৌশলবিদের নাম সুনীল কানুগলু। তিনি ২০১৮ সালে এই কর্নাটকেই বিজেপির জন্য কাজ করেছিলেন। প্রচারে উদ্ভাবনী কৌশল নিয়ে এসেছিলেন। এবার তিনি সেই কাজই করেছেন কংগ্রেসের জন্য। কংগ্রেসের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন তিনি।

কংগ্রেস সূত্রে খবর তাদের কয়েকজন প্রার্থীকে বাদ দিয়ে প্রাথমিক পর্যায়ে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিক রয়েছে এই সুনীল কানুগলুর। তিনি সমীক্ষার মাধ্যমে কংগ্রেসের প্রার্থী বাছাই করতে সাহায্য করেছিলেন বলেই জানা গিয়েছে।
গত বছরের মার্চে কংগ্রেস সুনীল কানুগলুকে দলের নির্বাচনী কৌশলবিদ হিসেবে নিয়োগ করে। এর ঠিক দুমাস পরেই তৎকালীন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী সুনীল কানুগলুকে দলের ২০২৪-এর লোকসভা নির্বাচনের টাস্ক ফোর্সের সদস্য হিসেবে নিয়োগ করেন।
সাম্প্রতিক সময়ে রাহুল গান্ধীর কন্যাকুমারী থেকে কাশ্মীর ভারত জোড়ো যাত্রার পরিকল্পনা ও কৃতিত্ব তাঁর বলে কংগ্রেস সূত্রে খবর। কর্নাটকের নির্বাচনী ফলই বলে দিচ্ছে গুরুত্বপূর্ণ এই নির্বাচনের আগে ভারত জোড়ো যাত্রা কংগ্রেসকে জনগণের সঙ্গে সংযোগ স্থাপনে সাহায্য করেছিল।
নির্বাচনী কৌশলবিদ হিসেবে প্রশান্ত কিশোরের খ্যাতি ভারত জোড়া। তবে বর্তমানে নিজে কোনও দলের কৌশলবিদ নন বলেই দাবি করেন। তবে তাঁর সংগঠন আইপ্যাক কাজ করছে একাধিক রাজ্যে। সেই তুলনায় সুনীল কানুগলু পরিচিতি বিশেষ নেই। তিনি এর আগে তামিলনাড়ুতে ডিএমকে এবং এআইএডিএমকের হয়ে কাজ করেছেন।
২০১৪- এর সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদীর তথা বিজেপির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেই টিমের সদস্য ছিলেন সুনীল কানুগলু। তিনি বিজেপির অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডসের প্রধান হিসেবে কাজ করেছিলেন। আদতে কর্নাটকের বাসিন্দা সুনীল কানুগলু বড় হয়েছেন।

সুনীল কানুগলু ২০১৪ সালের পরে বিজেপির উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, গুজরাত ও কর্নাটকে বিজেপির নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তৎকালীন সময়ে এইসব রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। যদিও পরবর্তী সময়ে সাম্প্রতিক নির্বাচনী হিমাচল প্রদেশ ও কর্নাটক বিজেপি হাত ছাড়া হল।
কংগ্রেস সূত্রে খবর, সামনে বেশ কয়েকটি রাজ্যের নির্বাচন রয়েছে। সেইসব রাজ্যের নির্বাচনী দায়িত্বেও রয়েছেন এই সুনীল কানুগলু। তাঁকে কংগ্রেসের তরফে যে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে, তেলেঙ্গানায় কংগ্রেসের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার , রাজস্থান ও ছত্তিশগড়ে সরকার ধরে রাখা।
সুনীল কানুগলুর প্রধান দায়িত্ব ২০২৪-এর সাধারণ নির্বাচনে মোদীর বিরুদ্ধে কংগ্রেসকে শক্ত ভিতের ওপরে দাঁড় করানো। এছাড়াও দায়িত্ব রয়েছে মধ্যপ্রদেশে কংগ্রেসকে জয়ের দিকে নিয়ে যাওয়া। সবে কর্নাটকে জিতল কংগ্রেস। এখন সুনীল কানুগলুর কৌশলে কংগ্রেস বাকি পথ অতিক্রম করতে পারে নাকি এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications