Karnataka Election: জগদীশ শেট্টারকে ঘরের মাঠে আসন দিল কংগ্রেস
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি থেকে বিক্ষুব্ধ হয়ে কংগ্রেসে আসা কর্নাটকের হেভিওয়েট নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টারকে নিজের ঘরের মাঠে আসন দিল জাতীয় কংগ্রেস। শেট্টার একজন লিঙ্গায়েত নেতা। ফলে তাঁকে ঘরের মাঠেই আসন দিয়ে অ্যাডভান্টেজ নিতে চাইল কংগ্রেস।

দিন দুয়েক আগেই বিজেপি থেকে পদত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন জগদীশ শেট্টার। এদিন মঙ্গলবার তাঁকে নিজের হোমটাউন হুব্বালি-ধারওয়াড় বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দিল কংগ্রেস।
জগদীশ শেট্টার ছয়বারের বিধায়ক। অতীতে তিনি কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদও সামলেছেন। বিজেপি প্রথম যে ১৮৯ জনের প্রার্থী তালিকা তৈরি করেছিল সেখানে জগদীশের নাম ছিল না। তারপরই তিনি দল ছাড়ার ঘোষণা করেন। পরে মল্লিকার্জুন খাড়গের হাত ধরে কংগ্রেসে যোগ দেন।
শোনা যাচ্ছিল, তাঁকে যাতে টিকিট দেওয়া হয় সেজন্য দিল্লিতে গিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছেও জগদীশ শেট্টার দরবার করেন। এমনকী শেট্টারকে টিকিট দেওয়া হবে বলে আত্মবিশ্বাসী ছিলেন বিজেপি নেতা ইয়েদুরাপ্পাও।
তবে শেট্টারের কোনও প্রচেষ্টা সফল হয়নি। প্রথম প্রার্থী তালিকায় তাঁর নাম ছিল না। পরে যে ২৩ জনের তালিকা প্রকাশিত হয় সেখানেও জগদীশকে আসন দেওয়া হয়নি। তারপরই অপমানিত হয়ে রবিবার দলত্যাগ করেন জগদীশ শেট্টার। সোমবার কংগ্রেসে যোগ দেন।
বেঙ্গালুরুতে কংগ্রেসে সদর দফতরে সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের হাত থেকে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন জগদীশ শেট্টার। সেদিনই তৃতীয় তালিকা প্রকাশ করে বিজেপি। এবং দলের সাধারণ সম্পাদক মহেশ তেঙ্গিনাকাইকে হুব্বালি-ধারওয়াড় বিধানসভা কেন্দ্র থেকে দাঁড় করায়।
টিকিট না পেয়ে দল পরিবর্তন করেও শেট্টার বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি। তাঁর সব রাগের কেন্দ্রে রয়েছেন বিজেপি সম্পাদক বিএল সন্তোষ। তাঁর কলকাঠি নাড়াতেই শেট্টারকে দল টিকিট দেয়নি বলে তোপ দেগেছেন প্রাক্তন কর্নাটক মুখ্যমন্ত্রী।
লিঙ্গায়েত নেতা জগদীশ শেট্টারের বিজেপি ত্যাগ দলকে সমস্যায় ফেলবে না বলেই মনে করছেন গেরুয়া শিবিরের নেতারা। তাঁদের মতে, দেড়শোর বেশি আসন নিয়ে বিজেপি ফের কর্নাটকে ক্ষমতায় ফিরতে চলেছে।












Click it and Unblock the Notifications