'এই কাপুরুষের পদত্যাগ চাই', জেএনইউ তাণ্ডবে উপাচার্যকে দায়ী করে দাবি ছাত্র সংসদের
রবিবার বিকেলে জেএনইউ-এর ছাত্রছাত্রীদের রক্তাক্ত হওয়ার ঘটনায় সরাসরি উপাচার্য এম জগদীশ কুমারকে দায়ী করে তাঁর পদত্যাগ চাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।

উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে ছাত্র সংসদের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, 'এই উপাচার্য হলেন এক কাপুরুষোচিত উপাচার্য। উনি পিছনের দরজা দিয়ে অবৈধ নীতিমালা প্রবর্তন করেন। শিক্ষার্থী বা শিক্ষকদের প্রশ্ন থেকে দূরে পালান। তিনি জেএনইউকে নষ্ট করার পরিস্থিতি তৈরি করছেন।'

'বিশ্ববিদ্যালয় ভাঙচুর করার জন্য গুন্ডা ব্যবহার করছেন ভিসি'
তারা আরও বলে, 'আমরা বিগত ৭০ দিন ধরে অনেক ধৈর্য্য ও সাহস যুগিয়ে এই বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্যে লড়াই চালাচ্ছি। আর এই উপাচার্য শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি জারি করে ফি বৃদ্ধির কথা জানিয়ে আমাদেরকে বলতে চাইছেন যে পড়াশোনা সবার জন্যে নয়। তিনি ছাত্রদের উপর সহিংসতা চালাতে এবং বিশ্ববিদ্যালয় ভাঙচুর করার জন্য গুন্ডা ব্যবহার করছেন।'

রবিবার সন্ধ্যায় হামলা
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে রবিবার সন্ধ্যায় হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। যদিও বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ও আক্রান্ত শিক্ষকদের অভিযোগর তির আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দিকে। গতকালকের হামলায় জেএনইউ ছাত্র সংগঠনের সভাপতি ঐষী ঘোষ সহ ১৮ জন ছাত্র বা শিক্ষক জখম হয়ে ভর্তি হয়েছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্সে।

ছাত্র সংসদের বিবৃতি
এই ঘটনার প্রেক্ষিতে জেএনইউ-এর ছাত্র সংসদ বিবৃতি দিয়ে বলে, 'এই হামলা চালিয়ে এবিভিপি-র গুন্ডারা। তাদের নিশানায় সাধারণ ছাত্র ছাড়া শিক্ষকরাও ছিলেন। পুলিশের উপস্থিতিতেই লাঠি, রড, হাতুড়ি নিয়ে ঘুরে তাণ্ডব চালিয়েছে এবিভিপি-র মুখোশধারীরা। এই তাণ্ডবের ঘটনায় জড়িয়ে রয়েছে পুলিশও। তারা সংঘ সমর্থক প্রফেসরদের কাছ থেকে নির্দেশ পেয়ে নীরব ভূমিকা পালন করেছে এবং তাণ্ডব করতে গুন্ডাদের সাহায্য করেছে।'

এবিভিপির পাল্টা দাবি
যদিও এবিভিপি পাল্টা দাবি করে যে এই ঘটনা বামপন্থী ছাত্র সংগঠনগুলি ঘটিয়েছে। তাদের বক্তব্য, নক্সালপন্থীরা হোস্টেলে ঢুকে ভাংচুর চালিয়েছে, এবং ছাত্রছাত্রীদের লোহার রড দিয়ে আঘাত করেছে। এবিভিপির সভাপতি নিধি ত্রিপাঠি এই বিষয়ে বিব়তি দিয়ে এএফএসআই, এআইসা ও ডিএসএফ-এর ঘাড়ে দোষ চাপান।












Click it and Unblock the Notifications