Jharkhand Assembly Election 2024: পদ্মফুল ফুটবে ঝাড়খণ্ডে? প্রমিলা বাহিনীর উপরে আস্থা বিজেপির
Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ড বিধানসভা ভোটে আসন নিয়ে রফা সেরেছে এনডিএ। ৬৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বাকি আসনগুলি শরিক দল আজসু ও জেডিইউ এবং এলজেপিকে ছেড়েছে গেরুয়া শিবির। তবে ৬৬টির মধ্যে একাধিক আসনে দলের প্রমিলা বাহিনীর উপর ভরসা রেখেছে বিজেপি।
আপাদমস্তক রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা মহিলাদের বিধানসভা নির্বাচনে টিকিট দিয়েছে বিজেপি (BJP women candidates in jharkhand)। জামতারা থেকে প্রার্থী করা হয়েছে সীতা সোরেনকে (Sita Soren)। সম্পর্কে বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) বৌদি এই সীতা সোরেন।

এছাড়াও কোডার্মা থেকে নীরা যাদব, যমুনা আসন থেকে চিকিৎসক মঞ্জু দেবী, গান্ডে থেকে মুনিয়া দেবী, সিন্দ্রি থেকে তারাদেবী, নিরসা আসন থেকে অর্পণা সেনগুপ্ত, ঝরিয়া থেকে রাগিনী সিং এবং পটকা আসন থেকে মীরা মুণ্ডাকে প্রার্থী করেছে বিজেপি।
উল্লেখ্য, মহিলা বিজেপি প্রার্থীদের অধিকাংশই পূর্বে বিধায়ক ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের (Raghubar Das) পূত্রবধূ পূর্ণিমা দাস সাহুকেও প্রার্থী তালিকায় রেখেছে বিজেপি। ঝাড়খণ্ডে ১৩ ও ২০ নভেম্বর দুই দফায় রয়েছে বিধানসভা নির্বাচন। ভোটগণনা হবে ২৩ নভেম্বর।
২০২৪ এর লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ৫২টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল এনডিএ। যার মধ্যে ৪৭টিতেই এগিয়ে ছিল বিজেপি। ২৯টি আসনের মধ্যে ১৫টিতে কংগ্রেস ও ১৪টিতে জেএমএম এগিয়ে ছিল।
২০১৯ সালে শেষ বিধানসভা নির্বাচনে (Jharkhand Assembly election 2019) ৮১টি আসনের মধ্যে ৩০টিতে জিতেছিল জেএমএম, কংগ্রেস ১৬টিতে ও ১টি আসনে জিতেছিল আরজেডি। তিনটি দল একজোট হয়ে ঝাড়খণ্ডে সরকার গঠন করে। অপরদিকে ২৫টি আসন জিতে ঝাড়খণ্ড হারাতে হয়েছিল বিজেপিকে। মাত্র দুটিতে জয়ী হয়েছিল আজসু পার্টি।
৬৬টি আসনে প্রার্থী ঘোষণা করলেও এখনও ২টি আসনে প্রার্থীর নাম বাকি রেখেছে বিজেপি। ৭০ আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডি জোট। তবে এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি কংগ্রেস ও হেমন্ত সোরেনের দল জেএমএম (Congress and JMM)। আসন রফা নিয়ে শরিক দলগুলির সঙ্গে আরজেডি মনোমালিন্য হয়েছে বলেও খবর সূত্রের।












Click it and Unblock the Notifications