সপরিবারে ভারতে পা রাখলেন জেডি ভ্যান্স, আগামী তিন দিন তাঁর সফরসূচিতে কী কী রয়েছে, রইল তা বিস্তারিত
চার দিনের সরকারি সফরে রবিবার সকালে ভারতে পা রাখলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সঙ্গে রয়েছেন তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা এবং তাঁদের তিন সন্তান-ইওয়ান, বিবেক এবং মিরাবেল। দিল্লির পালাম বিমানঘাঁটিতে সকাল ১০টা নাগাদ তাঁদের বিমান অবতরণ করে। ২১ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ভারতেই থাকবেন ভ্যান্স।
সফরের শুরুতেই অক্ষরধাম দর্শন ও হস্তশিল্প শপিং কমপ্লেক্স পরিদর্শন -
দিল্লিতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ভ্যান্স পরিবার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির দর্শনে যান। যা জানা যাচ্ছে, এরপর তারা একটি ভারতীয় হস্তশিল্প শপিং কমপ্লেক্স ঘুরে দেখবেন, যেখানে ঐতিহ্যবাহী হস্তশিল্পের পণ্য প্রদর্শিত হয় এবং বিক্রিও হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও নৈশভোজ -
সোমবার সন্ধ্যা ৬:৩০ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গে স্বাগত জানিয়েছেন ভ্যান্স পরিবারকে। সেখানেই অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক বৈঠক। আলোচনায় উঠে আসার কথা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়টি। মনে করা হচ্ছে মোদী ভ্যান্সকে হইত অনুরোধ করবেন, এই বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্তকরণ এবং কৌশলগত সহযোগিতা আরও মজবুত করার বিষয়টি।
এই দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত থাকার কথা ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিস্রি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রার। বৈঠকের পর, প্রধানমন্ত্রী মোদী ভ্যান্স এবং তাঁর সফরসঙ্গীদের সম্মানে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন বলে জানা যাচ্ছে।
জয়পুর, আগ্রা সফরের পরিকল্পনা -
সোমবার নৈশভোজন সেরে রাতেই ভ্যান্স পরিবার জয়পুরের উদ্দেশে রওনা দেবেন। দিল্লিতে তাঁদের আইটিসি মৌর্য শেরাটনে থাকার ব্যবস্থা করা হয়েছে। জয়পুরে তাঁরা থাকবেন ঐতিহ্যবাহী বিলাসবহুল রামবাগ প্যালেস হোটেলে।
২২ এপ্রিল জয়পুরে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আম্বার ফোর্ট সহ একাধিক ঐতিহাসিক স্থানের পরিদর্শন রয়েছে তাঁদের সূচিতে। বিকেলে রাজস্থান আন্তর্জাতিক কেন্দ্রে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন, যেখানে ভারত-মার্কিন সম্পর্কের নানা দিক তুলে ধরা হবে। কূটনীতিক, নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং সরকারি আধিকারিকরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।
তাজমহল দর্শন ও সফরের সমাপ্তি -
২৩ এপ্রিল সকালে ভ্যান্স পরিবার আগ্রার উদ্দেশ্যে রওনা দেবেন। তাঁরা ঘুরে দেখবেন বিশ্বের সপ্তম আশ্চর্য্য তথা অন্যতম দর্শনীয় স্থান তাজমহল এবং ঐতিহ্যবাহী শিল্পগ্রাম। ওইদিন সন্ধ্যেতেই তাঁরা জয়পুরে ফিরে আসবেন। সফরের শেষ দিন ২৪ এপ্রিল তাঁরা জয়পুর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন।
এই সফরের মাধ্যমে ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধনের প্রতিচ্ছবি ফুটে উঠবে এই উচ্চপর্যায়ের সফর সূচিতে, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications