Jammu-Kashmir Elections 2024: জম্মুতে প্রচারের শেষবেলায় ঝড় তুলবেন প্রধানমন্ত্রী মোদী, আগ্রহ তুঙ্গে ডোডায়
Jammu and Kashmir Assembly Elections 2024: কাশ্মীরে নির্বাচনের প্রচার সরগরম করতে ভূস্বর্গে পৌঁছে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ডোডা জেলায় আজ এক মেগা ব়্যালির আয়োজন করা হয়েছে। চার দশক পরে প্রথম কোনও প্রধানমন্ত্রী এই জেলায় পা রাখছেন। ফলে গোটা এলাকা জুড়ে নিরাপত্তার বজ্র আঁটুনি রয়েছে স্বাভাবিকভাবেই।
নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা জানিয়েছেন, কাশ্মীরের ডোডা এবং কিশতওয়ার এই দুটি জেলাতেই ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে। ডোডা শহরের স্টেডিয়ামে এই নির্বাচনী প্রচার হওয়ার কথা রয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত শনিবার জম্মুতে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন। তার পরে রবিবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রামবান জেলায় নির্বাচনী প্রচারে অংশ নেন।
কাশ্মীরের বিজেপি দলের নির্বাচনী ইনচার্জ তথা কেন্দ্রীয় মন্ত্রী জি কিশন রেড্ডি জানান, ৪২ বছর পরে ভারতের কোনও প্রধানমন্ত্রী ডোডা জেলায় আসছেন। এর আগে ১৯৮২ সালে শেষবার ভারতের কোনও প্রধানমন্ত্রী এই জেলায় পা রেখেছিলেন। ফলে নিঃসন্দেহে নরেন্দ্র মোদীর নির্বাচনের প্রচার অন্য মাত্রা পেয়েছে।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কাশ্মীরে প্রচারে আসার খবরে অনেকটা উজ্জীবিত বোধ করছেন এলাকার বিজেপি নেতা-নেত্রীরা এবং সমর্থকেরা। এই অঞ্চলের তিনটি জেলায় আটটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র আছে। সেখানে আগামী ১৮ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে।
২০১৪ সালের বিধানসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিশতওয়ার জেলায় নির্বাচনের প্রচার করেছিলেন। সেই সময় থেকেই ডোডা জেলায় প্রধানমন্ত্রী কবে আসবেন তা নিয়ে অপেক্ষা চরমে ছিল। এই জম্মু এলাকায় বিজেপির শক্তি অনেকটাই বেশি। গত নির্বাচনে ২৫ টি আসনের মধ্যে সবকটিতেই গেরুয়া শিবির জয়লাভ করেছিল। এ বছরও জম্মু ডিভিশনের ৪৩টি আসনেই বিজেপি লড়াই করছে।
কাশ্মীরে তিন দফায় - ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং ভোটের ফল তারপরে প্রকাশিত হবে। ১০ বছর পর কাশ্মীরে ফের একবার বিধানসভা ভোটের আসর বসেছে। উল্লেখযোগ্যভাবে ৩৭০ ধারা এবং ৩৫ এ ধারা বিলুপ্তির পরও এটাই কাশ্মীরের প্রথম বিধানসভা নির্বাচন।












Click it and Unblock the Notifications