ভারতে মূল্যবৃদ্ধি-মন্দা অন্যদের তুলনায় নিয়ন্ত্রণে! আর্থিক বৃদ্ধি অনেক উন্নত দেশের থেকে বেশি, দাবি অমিত শাহের
ভারতে মূল্যবৃদ্ধি-মন্দা অন্যদের তুলনায় নিয়ন্ত্রণে! আর্থিক বৃদ্ধি অনেক উন্নত দেশের থেকে বেশি, দাবি অমিত শাহের
নরেন্দ্র মোদী সরকারের (Narendra Modi Govt) নীতির (policy) কারণে ভারতে মূল্যবৃদ্ধি (inflation) এবং আর্থিক মন্দা অন্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে। খনি ও খনি বিষয়ক এক অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
এব্যাপারে তিনি প্রতিবেশী শ্রীলঙ্কা, পাকিস্তান এমনকী মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও উল্লেখ করেন। অমিত শাহ বলেন, ভারতের অর্থনীতি বিশ্বের সব থেকে দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

ভারতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে, দাবি অমিত শাহের
অমিত শাহ বলেন, বিভিন্ন দেশের অর্থনীতিতে এখনও কোভিড মহামারীর প্রভাব রয়ে গিয়েছে। সেইশব দেশের মানুষজন তা অনুভব করছে। সেই সঙ্গে ভারতের তুলনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশে মূল্যবৃদ্ধি এবং মন্দা থাকলেও তা নিয়ন্ত্রণে রয়েছে।

রাহুল গান্ধীকে নিশানা
অনুষ্ঠানে নিজের ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিশানা করেন। তিনি বলেন, বিরোধীদের অনেকেই পণ্য ও পরিষেবা কর (জিএসটি)কে গব্বর সিং ট্যাক্স বলে মন্তব্য করেছিলেন। সেইসব নেতাদের জানা উচিত আজ পর্যন্ত জিএসটি থেকে সংগ্রহ ১.৬২ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। তিনি বলেন, ২০২২-এ ভারতে বৃদ্ধির হার ৮.২ শতাংশ। যা বিশ্বের অনেক উন্নত দেশের থেকেও বেশি। তিনি বলেন, একই সময়ে আমেরিকা, জার্মানি, চিন ও ব্রাজিলের বৃদ্ধি যথাক্রমে ৩.৭%, ২.১%, ৪.৪% এবং ০.৮%।

দুর্নীতে এড়াতে কয়লা ব্লক নিলাম
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন কেন্দ্রীয় সরকার কয়লা আমদানি কমাতে ক্যাপটিভ কয়লা ব্লকের ৫০ শতাংশের নিলামের অনুমতি দিয়েছে। তিনি অভিযোগ করেন এর আগে আগে এলে আগে পাবেন, এই ভিত্তিতে কয়লার ব্লক বরাদ্দ করা হত। সরকারের সিদ্ধান্ত আগেই ঘনিষ্ঠদের জানিয়ে দেওয়া হত বলেও অভিযোগ করেন তিনি। যার জেরে বিশেষ কিছু ব্যক্তি ও সংস্থা উপকৃত হত বলেও ইঙ্গিত করেন তিনি।
প্রসঙ্গত ২০১৪ সালে এব্যাপারে আদালতে মামলা হয়েছিল। এছাড়াও কম্প্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন প্রশ্ন তুলেছিল। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট বেশ কিছু কয়লা ব্লকের বন্টন বাতিল করে দেয়।
অমিত শাহ অভিযোগ করেন, আগে কয়লার ব্লক বন্টনে দুর্নীতি হয়েছে। তিনি বলেন, খনিজ সম্পদ দেশের সম্পদ। দেশের উন্নয়নের জন্যই তা নিলাম করা উচিত। তিনি বলেন, খনিজ সম্পদকে কেবল রাজস্ব সংগ্রহের মডেল হিসেবে দেখা উচিত নয়।

খনিজ পণ্য নয়, উৎপাদিত পণ্য বিদেশে পাঠাতে হবে
অমিত শাহ বলেন, যত খুশি খনিজ সম্পদ তুলে আনুন, সরকার উৎসাহিত করবে। সেখানে খনিজ সম্পদ বিদেশে রপ্তানি করলে হবে না, সেটিকে দেশের মাটিতে ব্যবহার করে পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করলেই দেশের উপকার হবে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।












Click it and Unblock the Notifications