ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মার, দুই দেশের বৈঠক শেষে কী বললেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে আলোচনা সারলেন। এই আলোচনার মূল লক্ষ্য ছিল বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারত-যুক্তরাজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করা।
দু'মাস আগে দুই দেশ একটি যুগান্তকারী মুক্ত বাণিজ্য চুক্তি সই করার পর স্টার্মারের ভারত সফরে এলেন। এই চুক্তি বাজারে প্রবেশাধিকার বাড়াবে, শুল্ক হ্রাস করবে এবং ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদী ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মারকে স্বাগত জানিয়ে বলেন, "প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারকে তাঁর প্রথম ভারত সফরে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। স্টার্মারের নেতৃত্বে ভারত ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। জুলাই মাসে আমার যুক্তরাজ্য সফরে আমরা ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (CETA) নিয়ে সম্মত হয়েছিলাম।"
মোদী এবং স্টার্মার মুম্বইয়ের রাজভবনে সাক্ষাৎ করেন এবং 'ভিশন ২০৩৫’ রোডম্যাপে উল্লেখিত ভারত-যুক্তরাজ্য ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার জন্য আলোচনা করেন।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, "এই চুক্তির (ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি) মাধ্যমে দুই দেশের মধ্যে আমদানি ব্যয় হ্রাস পাবে, যুবকদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি হবে, বাণিজ্য বৃদ্ধি পাবে এবং এটি আমাদের শিল্প ও ভোক্তাদের উপকৃত করবে। চুক্তি সইয়ের কয়েক মাসের মধ্যেই আপনার ভারত সফর, এবং আপনার সঙ্গে এত বড় ব্যবসায়িক প্রতিনিধি দলের উপস্থিতি, ভারত-যুক্তরাজ্য অংশীদারিত্বে নতুন উদ্দীপনার প্রতীক।"
২০২৪ সালের জুলাই মাসে স্টার্মার ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর এটি দুই রাষ্ট্রনেতার তৃতীয় বৈঠক। এর আগে গত বছরের জুলাই মাসে বাকিংহামশায়ারের চেকার্স-এ এবং নভেম্বরে রিও ডি জেনেইরোতে জি২০ সম্মেলনের ফাঁকে তাঁদের প্রথম দুটি বৈঠক হয়েছিল।
প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন যে ভারত ও যুক্তরাজ্য স্বাভাবিক পার্টনার। গণতন্ত্র, স্বাধীনতা এবং আইনের শাসনের মতো মূল্যবোধের প্রতি পারস্পরিক বিশ্বাস দুই দেশের সম্পর্কের ভিত্তি তৈরি করেছে।
তিনি আরও বলেন, "বর্তমান বিশ্বব্যাপী অস্থিরতার যুগে, ভারত ও যুক্তরাজ্যের এই ক্রমবর্ধমান অংশীদারিত্ব বৈশ্বিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আজকের বৈঠকে আমরা ইন্দো-প্যাসিফিক, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা এবং ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করেছি। ইউক্রেন সংঘাত এবং গাজার বিষয়ে ভারত আলোচনা ও কূটনীতির মাধ্যমে শান্তির জন্য সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে, আমরা সামুদ্রিক নিরাপত্তা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।"












Click it and Unblock the Notifications