INDIA Bloc Meeting: ১৯-এর বৈঠকের আগে ফের ঝামেলা ইন্ডিয়া ব্লকে! কেজরিওয়ালের অবস্থানে জল্পনা
INDIA Bloc Meeting: মঙ্গলবার দিল্লিতে বিরোধী ইন্ডিয়া ব্লকের বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন। তবে ১৯-এর বৈঠকের আগেই কার্যত ঝামেলা শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়া ব্লকে।
পাঁচ রাজ্যে নির্বাচন হওয়ার পরে তার ফলও বেরিয়ে গিয়েছে। এর মধ্যে তিন রাজ্যে ক্ষমতা দখল করেছে বিজেপিষ তার মধ্যে দুটি রাজ্য তারা কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে। এই পরিস্থিতিতে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে অ্যাডভান্টেড বিজেপি। যা নিয়ে বিরোধীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ইন্ডিয়া ব্লকের ব্যানারে ঐক্য দেখানোর চেষ্টা করছেন তারা।

ইন্ডিয়া ব্লকে থেকেও বেসুরো অরবিন্দ কেজরিওয়ালের আপ। ১৯ ডিসেম্বরের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পঞ্জাবের জনগণের কাছে ১৩ টি আসনের মধ্যে ১৩ টিই চেয়েছেন। পঞ্জাবের ভাতিন্দায় করা সমাবেশে লোকসভা নির্বাচনের জন্য ভোট চেয়েছেন কেজরিওয়াল।
কেজরিওয়ালের এই মন্তব্যের পরে প্রশ্ন উঠছে কীভাবে পঞ্জাবে আসন ভাগাভাগি সম্ভব হবে?এমন পরিস্থিতিতে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে দ্বন্দ্ব বাড়তে পারে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কেজরিওয়াল একদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পঞ্জাবে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ করছেন, অন্যদিকে দুর্নীতির ইস্যুতে তিনি কংগ্রেসকে নিশানা করেছেন। পঞ্জাবের সমাবেশ থেকে কেজরিওয়াল বলেছেন, পঞ্জাব হল শহিদদের রাজ্য। আজ পর্যন্ত কোনও সরকার শহিদ পরিবারের কোনও খোঁজ নেয়নি।
তিনি বলেছেন, এই প্রথম কোনও সরকার এসেছে, যদি কোনও সেনা বা পুলিশ কর্মী শহিদ হন, তাহলে ভগবন্ত মান সরকার তাঁর পরিবারকে এক কোটি টাকা দেবে। কেজরিওয়াল বলেছেন, সম্প্রতি একজন অগ্নিবীর অমৃতপাল শহিদ হয়েছিলেন। কেন্দ্রীয় সরকার ওই শহিদের পরিবারের কোনও যত্ন নেয়নি কিংবা সম্মান জানায়নি। সেখানে ভগবন্ত মান সরকার পরিবারকে এক কোটি টাকা দিয়েছে।
অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, পঞ্জাব সরকার ভাতিন্দার জন্য ১১২৫ কোটি টাকার প্যাকেজ নিয়ে এসেছে। পঞ্জাবের ৭৫ বছরের ইতিহাসে কোনও রাজনৈতিক দলের কোনও সরকার এতবড় প্যাকেজ নিয়ে আসেনি। এই প্যাকেজের মাধ্যমে সাতটি নতুন সরকারি স্কুল, বেশ কয়েকটি হাসপাতাল, ১৩ টি নতুন মহল্লা ক্লিনিক, ওভার ব্রিজ, রাস্তা, ড্রেন, জলের ব্যবস্থা ও নতুন বাস স্ট্যান্ড তৈরি করে দেওয়া হবে।
কেজরিওয়াল প্রশ্ন করেছেন, গত ৭৫ বছরে বিজেপি, কংগ্রেস ও অকালি দল কী কাজ করেছে? তিনি পঞ্জাবের আগের সরকারগুলিকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করে বলেছেন, ১০ টাকার কাজ ১০০ টাকায় করানো হয়েছিল। তিনি বলেছেন, কাগজে কলমে বহু রাস্তা তৈরি হয়েছে, কিন্তু বাস্তবে তা হয়নি। এইসব দুর্নীতির তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন কেজরিওয়াল।
দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, পঞ্জাবে আপ সরকার ক্ষমতায়আসার পর থেকে এখনও পর্যন্ত ৪২ হাজার চাকরি হয়েছে। মানুষ টাকা কিংবা সুপারিশ ছাড়াই চাকরি পাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। পরের বার আপ পঞ্জাবের ১১৭ টি আসনের মধ্যে ১১০ টি দশটি আসন পাবে বলেও এদিন দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications