সংখ্যায় ২ শতাংশ হলেও পশ্চিম উত্তরপ্রদেশে নির্ণায়ক শক্তি জাট ভোট
সংখ্যায় ২ শতাংশ হলেও পশ্চিম উত্তরপ্রদেশে নির্ণায়ক শক্তি জাট ভোট
২০১৭ সালে পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিধানসভার মোট ৫৮টি আসনের ৫৩টি নিজেদের ঝুলিতে ভরেছিল বিজেপি৷ বৃহস্পতিবার প্রথম দফায় এই আসনগুলিতেই ভোট হল উত্তরপ্রদেশে। ২০১৭-র বিধানসভা নির্বাচনে পশ্চিম উত্তরপ্রদেশে জাটদের এই সাফল্যের পেছনে ছিল জাট ভোট৷ কিন্তু এবার পরিস্থিতি বেশ কিছুটা অন্য রকম৷ কৃষিবিল বিরোধী কৃষক আন্দোলনে জাটদের এক অংশের বিজেপি বিরোধিতার পর আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরীর সমাজবাদী পার্টির সঙ্গে গাটছঁড়া বাঁধা নিয়ে বেশ চাপেই রয়েছে বিজেপি৷

২ শতাংশ হয়েও নির্ণায়ক জাটরা!
পুরো উত্তরপ্রদেশের ২০ কোটির বেশি জনসংখ্যার মাত্র ২ শতাংশ জাট সম্প্রদায়৷ কিন্তু পশ্চিম ইউপির বেশ কয়েকটি বিধানসভা আসনে নির্ণায়ক এই জাট ভোটাররাই। তাই জাটদের হাতে রাখতে চেষ্টার কোনও খামতি রাখেনি বিজেপি৷ এমনকি জাট সম্প্রদায়ে প্রভাবশালী আরএলডি নেতা জয়ন্ত চৌধুরীকে নিজেদের জোটে রাখতে খোদ অমিত শাহ থেকে রাজ্যের বিজেপি নেতারা আহ্বান জানিয়েছেন৷ যদিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে সেই আহ্বান ফিরিয়ে দিয়ে জয়ন্ত চৌধুরী বলেছেন, 'আমাকে নয় সেই ৭০০ কৃষকদের পরিবারকে আমন্ত্রণ জানান যারা কৃষি আইনি বিরোধী আন্দোলন করতে গিয়ে শহিদ হয়েছেন।'

বিজেপি কীভাবে এই জাট ভোটারদের নিজেদের পক্ষে রাখতে চাইছে?
মোঘল আমলে ঔরঙ্গজেবের বিরুদ্ধে লড়াই করেছিলেন জাট নেতা গোকুল সিং। সম্প্রতি এই গোকুল সিং-এর ভাবমূর্তি সমানে রেখেই এবারে বাজীমাত করতে চাইছে বিজেপি৷ ৩১ জানুয়ারি খোদ যোগী সম্মান জানিয়েছেন গোজুল সিংকে৷ ২০১৩ সালের মজফরনগরের ঝামেলা জাট ভোটকে একত্রিত করে বিজেপিমুখী করেছিল৷ ২০১৭র মতো ফল পাওয়ার জন্য এবার গোকুল সিংকে নিয়ে জাটদের আবেগকে কাজে লাগাতে চাইছে উত্তরপ্রদেশ সরকার।

জাটদের কাছে টানতে কোন পথে অখিলেশ?
পশ্চিম উত্তরপ্রদেশে মাটি শক্ত করতে আগেভাগেই বড় দাঁও মেরে রেখেছেন সমাজবাদীপার্টি প্রধান অখিলেশ। জাটদের মধ্যে প্রভাবশালী আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরীর সঙ্গে জোট তো করেইছেন পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশে জাট-দলিত-মুসলিম ঐক্যের বার্তা দিয়ে এগিয়ে চলার নীতি নিয়েছেন অখিলেশ৷ এখন দেখার বিজেপি না সপা আদপে কার ভাগ্যে জাট ভোটের শিকে ছেঁড়ে উত্তরপ্রদেশে।












Click it and Unblock the Notifications