কোয়েম্বাটোরে ভ্যালেন্টাইনস ডের প্রতিবাদ, কার্ড ছিঁড়ে আগুন ধরালো হিন্দু সেনা
কোয়েম্বাটোরে ভ্যালেন্টাইনস ডের প্রতিবাদ, কার্ড ছিঁড়ে আগুন ধরালো হিন্দু সেনা
প্রেম দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে আর কিছুদিন পরই। তবে প্রত্যেক বছরের মতো এ বছরও এই দিবসে বাধা হয়ে দাঁড়িয়েছে নীতি পুলিশ। যাঁরা এই পাশ্চাত্য সংস্কৃতিকে এ দেশে পালন করতে দেবেন না। প্রেম দিবসের আগেই এই নীতি পুলিশের দৌরাত্ম্য দেখা গেল তামিলনাড়ুতে। ভ্যালেন্টাইনস ডে পালন করার বিরোধিতা করে ডানপন্থী দলের হিন্দু সেনার কিছু সদস্য কোয়েম্বাটোরে সোমবার প্রতিবাদে সামিল হলেন।

হিন্দু সেনা কার্ড ছিঁড়ে দেয়
এদিন হিন্দু সেনার সদস্যরা প্রতিবাদ স্বরূপ ভ্যালেন্টাইনস ডের কার্ড ছিঁড়ে ফেলে তাতে আগুন ধরিয়ে দেন। কোয়েম্বাটোরের জেলা শাসকের অফিসের সামনে এই প্রতিবাদ করা হয়। জেলা শাসকের অফিসের বাইরে হিন্দু সেনার সদস্যরা জমায়েত হন এবং প্রেম দিবসের বিরোধিতা করে প্রতিবাদ করেন।

নীতি পুলিশগিরি
ভ্যালেন্টাইনস ডে বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে হিন্দু সেনারা এবং জেলা শাসকের কাছে আবেদন করেন যে ওইদিন যাতে কেউ এই দিবস পালন করতে না পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। দেশের বেশ কিছু জায়গায় ভ্যালেন্টাইনস ডের দিন বিভিন্ন পার্কে নীতি পুলিশগিরি চলে। প্রেমিক যুগলদের হেনস্থা করা বা তাদের পার্ক থেকে উঠিয়ে দেওয়া এ ধরনের বিভিন্ন কার্যক্রম করে থাকে হিন্দু সেনার দল।

ভারত ও হিন্দু সেনার প্রতিবাদ
২০১৮ সালে কোয়েম্বাটোরে ভ্যালন্টাইনস ডের দিন শক্তি সেনা ও ভারত সেনা নামের দুই হিন্দু দল, নিজেদের নীতি পুলিশ পরিচয় দিয়ে এই দিনটির বিরোধিতা করবে বলে সিদ্ধান্ত নেয়। শক্তি সেনা প্রকাশ্যেই ভ্যালেন্টাইন কার্ড ছিঁড়ে ফেলে, অন্যদিকে জেলা শাসকের অফিসের সামনে প্রতিবাদ দেখায় ভারত সেনা। ভারত সেনা দাবি করে যে ভ্যালেন্টাইন ডের দিন কোনও যুগলকে এই দিন পালন করতে দেখা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।












Click it and Unblock the Notifications