ভারতের ওয়ান্টেড জঙ্গিদের দেশের হাতে তুলে দিক, পাকিস্তানকে স্পষ্ট বার্তা দেশের বিদেশমন্ত্রীর
ভারতের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক হওয়া কঠিন। জানালেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, পাকিস্তান যেভাবে ভারতের বিরুদ্ধে ক্রমাগত জঙ্গি হামলা করে চলেছে তাতে দুই দেশের মধ্যে সুসম্পর্ক হওয়া একটু কঠিন। তবে যদি ইসলামাবাদ সত্যি দিল্লির সঙ্গে সহযোগিতা করতে চায় তবে পাকিস্তানে থাকা ভারতের ওয়ান্টেড জঙ্গিদের দেশের হাতে তুলে দিক।

ফরাসি দৈনিক লে মন্ডেকে দেওয়া সাক্ষাতকারে মন্ত্রী জানিয়েছেন যে পাকিস্তান কখনও মেনে নেয়না যে তারা ভারতে জঙ্গি পাঠায়। জয়শঙ্কর বলেন, 'বহু বছর ধরে দুই দেশের সম্পর্ক বিগড়ে রয়েছে। তার প্রধান কারণ পাকিস্তান নিজের দেশকে জঙ্গি সাম্রাজ্য বানিয়ে নিয়েছে এবং ভারতে হামলার জন্য জঙ্গি পাঠিয়ে চলেছে। কিন্তু পাকিস্তান কখনই এই পরিস্থিতিকে মেনে নিতে চায় না।’
সম্প্রতি পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেসি এক বিবৃতিতে জানিয়েছেন যে পাকিস্তান ও ভারতের সম্পর্ক শূণ্যতে দাঁড়িয়ে রয়েছে। তারই জবাবে ভারতীয় বিদেশমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, 'এখন বলুন কোন দেশ চায় তাদের প্রতিবেশী দেশের সঙ্গে কথা বলতে এবং মধ্যস্থতা করতে। যারা ভারতে হামলার জন্য জঙ্গি পাঠায়।আমাদের দরকার পদক্ষেপের, যা সত্যিকারের উদাহরণ হবে সহযোগিতার।’
এস জয়শঙ্কর বলেন, 'উদাহরণস্বরূপ বলা চলে, জঙ্গি কার্যকলাপের জন্য ভারতের অনেক মোস্ট ওয়ান্টেড রয়েছে পাকিস্তানে। আমরা পাকিস্তানকে বলেছি তাদেরকে আমাদের হাতে তুলে দিতে।’ বিদেশমন্ত্রীর কথায় স্পষ্টই বোঝা গিয়েছে যে তিনি পাকিস্তানে গা ঢাকা দিয়ে থাকা দাউদ ইব্রাহিমের কথা বলছেন। যে দীর্ঘদিন ধরে পাকিস্তানে লুকিয়ে আছে।
দাউদ মুম্বইয়ের ডোঙ্গরি এলাকার বাসিন্দা। খুন, দুর্নীতি, তোলাবাজি, মাদক পাচার, জঙ্গি কার্যকলাপ এবং বিভিন্ন মামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১৮ সালে রাষ্ট্রপুঞ্জের সুরক্ষা কাউন্সিল তাদের তালিকায় নতুনভাবে দাউদের নাম যোগ করে।












Click it and Unblock the Notifications