বড় খবর: SIR নিয়ে সংসদে আলোচনায় রাজি সরকার পক্ষ! বিরোধী চাপে নতিস্বীকার? কী জানালেন মন্ত্রী কিরেন রিজিজু?
তৃণমূলের নেতৃত্বে বিরোধীদের সম্মিলিত চাপের কারণে সংসদে SIR নিয়ে আলোচনায় রাজি সরকার পক্ষ। তবে, কবে এবং কতক্ষণ সময় ধরে এই বিষয়ে আলোচনা করা হবে, সেটা সংসদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি ঠিক করবে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ রাজ্যসভায় জানিয়েছেন যে, সরকার ভোটার তালিকা বা নির্বাচনী সংস্কারের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে আলোচনা করতে প্রস্তুত।

তবে, কিরেন রিজিজু বিরোধীরা যাতে কঠোর সময়সীমা চাপিয়ে না দেয় তার জন্য অনুরোধও করেছেন। আজ বিরোধীরা লাগাতার বিক্ষোভ করার ফলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন যে, "আমরা ইলেক্টোরাল রিফর্মস থেকে শুরু করে দেশের মানুষের সমস্ত ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত।"
গতকাল থেকেই সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। শীতকালীন অধিবেশেনের প্রথম দিনেই এসআইআর নিয়ে বিরোধীদের আলোচনার দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। এই শীতকালীন অধিবেশন ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রথম দিনেই লোকসভায় এসআইআর-কে ঘিরে অশান্তি ছড়ায়। শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনেই মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।
গতকালের মত সেই একই ছবি দেখা যায় আজও। শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেও বিরোধী দলগুলি সম্মিলিত ভাবে বিক্ষোভ দেখায়। যে কারণে দফায় দফায় মুলতুবি করে দিতে হয় এই অধিবেশন। সরকার বিরোধী দলগুলির দাবি না মানায় সংসদ চত্বরে ফের বিক্ষোভ দেখানো শুরু করে তারা। কেন্দ্র সেই বিক্ষোভের চাপে পরেই খানিকটা সুর নরম করল।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, "আমরা সমস্ত বিরোধী দলের সাথে কথা বলেছি। ইলেক্টোরাল রিফর্মস থেকে শুরু করে দেশের মানুষের সমস্ত ইস্যু নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত। আজ আমি বিরোধী দলনেতাদের বৈঠকে ডেকেছি। দেশের মানুষের অনেক সমস্যা রয়েছে, যেগুলো নিয়ে আলোচনা করা খুব প্রয়োজন।"
গতকাল থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। যা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের ১ তারিখ থেকে ১৯ তারিখের মধ্যে ছুটির দিনগুলি বাদ দিলে মোট ১৫ দিন অধিবেশন চলবে। সাধারণত ২০ দিন ধরে চলে শীতকালীন অধিবেশন। কিন্তু এ বছর এই অধিবেশনের সময়কাল ১৫ দিন, যা সাম্প্রতিক কালের তুলনায় অনেক কম। অধিবেশনের সময়কালের এই বিষয়টি নিয়ে কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলি সরব হয়েছে।












Click it and Unblock the Notifications