কেন্দ্র সরকারকে অনুসরণ করে জ্বালানিতে কর ছাড় দিচ্ছে এই রাজ্যগুলি
কেন্দ্র সরকারকে অনুসরণ করে জ্বালানিতে কর ছাড় দিচ্ছে এই রাজ্যগুলি
সম্প্রতি সাধারণ মানুষের সুরাহার কথা ভেবে পেট্রোল, ডিজেলের শুল্কে ছাড় দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্য সরকারগুলিকে অনুরোধ করেছিলেন, তারাও যেন জ্বালানির করে ছাড় দেয়। এবার সেই আবেদনেই সাড়া দিল কেরল, মহারাষ্ট্র, রাজস্থান, ওড়িশার মতো রাজ্যগুলি। পেট্রোল, ডিজেল দুই প্রকার তেলেই ভ্যাটে ছাড় দিল তারা।

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে চাপে আম জনতা!
বহুদিন ধরেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে চাপে ছিল কেন্দ্রীয় সরকার। লোকসভার শাসকদল দাবি করেছিল, চলতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জন্যই দাম বাড়ছে তেলের। তবে এমন পরিস্থিতিতেই জ্বালানি তেলের ওপর শুল্কে ছাড় দেওয়ার কথা ঘোষণা করল তারা৷ যথারীতি কেন্দ্রের এই সিদ্ধান্ত চাপ বাড়িয়ে দিয়েছিল রাজ্য সরকারগুলির ওপর। বিশেষত অবিজেপি শাসিত রাজ্য সরকারগুলির ওপর চাপ বাড়ছিল। চাপের মুখে পেট্রোলের দাম ২.৪১ টাকা এবং ডিজেলের দাম ১.৩৬ টাকা কমাল বামশাসিত কেরল।

জ্বালানির দাম কমেছে কংগ্রেস শাসিত রাজ্যেও!
কংগ্রেস শাসিত রাজস্থানেও পেট্রোলের ওপর ভ্যাট কমল ২.৪৮ টাকা, ডিজেলের ক্ষেত্রে যা কিনা ১.১৬ টাকা। শিবসেনা শাসিত মহারাষ্ট্রে আবার পেট্রোলে ভ্যাটে ছাড় দেওয়া হয়েছে ২.০৮ টাকা, ডিজেলে ছাড়ের পরিমান ১.৪৪ টাকা। এই ছাড়ের পর মুম্বইতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১১.৩৫ ও ৯৭.২৮ টাকা। ওড়িশাতেও দাম কমেছে পেট্রোল-ডিজেলের। পড়শি রাজ্যে প্রতি লিটার যথাক্রমে ২.২৩ ও ১.৩৬ টাকা দাম কমেছে পেট্রোল ও ডিজেলের৷

এই কর ছাড়ে কত ক্ষতি হবে কেন্দ্রের?
শনিবার রাতে পেট্রোল ও ডিজেলের ওপর যথাক্রমে ৮ টাকা এবং ৬ টাকা এক্সাইজ ডিউটি মুকুব করে কেন্দ্রীয় সরকার। এর ফলে দেশজুড়ে প্রতি লিটার ৯.৫০ টাকা দাম কমে পেট্রোলের। প্রতি লিটার ডিজেলের দাম কমে ৭ টাকা৷ কেন্দ্রের দাবি, মানুষের স্বার্থ ভেবেই এই ছাড় দেওয়া হয়েছে। এর ফলে শুল্কবাবদ এক লাখ কোটিরও বেশি ক্ষতি হবে সরকারের৷












Click it and Unblock the Notifications