লালুর সাজা ঘোষণা আজ, আরজেডি সুপ্রিমোকে হারমোনিয়াম বাজানোর পরামর্শ বিচারকের
লালুর সঙ্গে আদালতে বিচারকের কথোপকথন সামনে এসেছে। সেখানে লালু জেলে ঠান্ডা লাগার কথা বলছেন। যা শুনে পাল্টা কড়কে দিয়েছেন বিচারক।
দুদিন পিছিয়ে যাওয়ার পরে আজ শুক্রবার লালুপ্রসাদ যাদবের পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাঘোষণা হতে চলেছে। রাঁচির বিশেষ সিবিআই আদালতে এই ঘোষণা হবে। লালুপ্রসাদ যাদব সহ মোট ১৬জনের বিরুদ্ধে এই মামলায় সাজা ঘোষণা হবে।

তার আগে লালুর সঙ্গে আদালতে বিচারকের কথোপকথন সামনে এসেছে। সেখানে লালু জেলে ঠান্ডা লাগার কথা বলছেন। যা শুনে পাল্টা কড়কে দিয়েছেন বিচারক। লালু বলেছেন, 'হজুর জেলে ঠান্ডা লাগছে। জেলে হাজার রকমের সমস্যা। জেলে আমার লোকেদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।'
বিচারক প্রথমে ঠান্ডা থেকে বাঁচতে লালুকে হারমোনিয়াম বাজানোর পরামর্শ দেন। তারপরে কটাক্ষ করে বলেন, জেলে সমস্যা বলেই আপনাকে আদালতে ডাকা হয় যাতে সকলের সঙ্গে দেখা করতে পারেন।
গতবছরের ২৩ ডিসেম্বর বিশেষ সিবিআই আদালত লালু সহ বাকীদের পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী বলে ঘোষণা করে জেলে পাঠায়। এই মামলা ছাড়াও পশুখাদ্য কেলেঙ্কারি নিয়ে আরও তিনটি মামলায় ট্রায়াল চলছে লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে।
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু সহ মোট ১৫ জনের বিরুদ্ধে ৮৯.২৭ লক্ষ টাকা ১৯৯১ থেকে ১৯৯৪ সালের মধ্যে দেওঘর ট্রেজারি থেকে তছরুপ করে তোলার অভিযোগ প্রমাণিত হয়েছে। আজকেই সাজা ঘোষণা হবে লালুর বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications