পেশ হল ২০২১ সালের আর্থিক সমীক্ষা! কোন পথে এগিয়ে যাবে ভারতের অর্থনীতি?
২০২১-২২ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা সংসদে পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন তিনি জানিয়েছেন যে আগামী অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি ৭.৭ শতাংশ সঙ্কুচিত হবে। এদিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১১ শতাংশ হারে বৃদ্ধি পাবে। ভারতের রিজার্ভ ব্যাংক তার সর্বশেষ মাসিক বুলেটিনে ভারতীয় অর্থনীতির জন্য ইতিবাচক বৃদ্ধির আশাও প্রকাশ করেছে। আর এই পুনরুজ্জীবন 'ভি' আকারে এগিয়ে চলেছে বলে জানানো হয়েছে।

দেশ এই ধরনের সংকট আগে কখনও দেখেনি
উল্লেখ্য, ২০২০ সালে সবচেয়ে খারাপ স্বাস্থ্য পরিস্থিতি ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে গিয়েছে ভারত৷ দেশ এই ধরনের সংকট আগে কখনও দেখেনি। সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার পর ভারত ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছে এবং দেশ জুড়ে ভ্যাকসিন দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। এর ফালে অর্থনৈতিক পুনরুজ্জীবনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

অর্থনৈতিক বৃদ্ধির পূর্বভাস কোন দিকে ইঙ্গিত করছে
অর্থনৈতিক বৃদ্ধির পূর্বভাসও সেই দিকেই ইঙ্গিত করছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ২০২০ সালের ডিসেম্বরে উৎপাদন সংক্রান্ত শিল্প আরও শক্তিশালী হয়েছে। ব্যবসার পুনরুজ্জীবনের চেষ্টার মধ্যেই এই উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দ্য সিজনালি অ্যাডজাস্টেড ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস সূচক ডিসেম্বরে ছিল ৫৬.৪। নভেম্বরের থেকে তা সামান্য বেশি ছিল। নভেম্বরে ওই সূচক ছিল ৫৬.৩।

আশার আলো দেখিয়েছে শেয়ার বাজার
অন্যদিকে, যাত্রীবাহী যানবাহন বিক্রয়ের পরিমাণ ২০১৯ সালের ডিসেম্বরের তুলনায় ২০২০ সালের ডিসেম্বরে ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যাত্রীবাহী যানবাহন বিক্রিকে অর্থনীতিতে চাহিদার অন্যতম প্রধান সূচক হিসেবে ধরা হয়। এছাড়া শেয়ার বাজারেও বৃদ্ধির ভালো প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। ২০২১ সালের ২১ শে জানুয়ারি প্রথমবারের জন্য সবচেয়ে উপরে উঠে সেনসেক্স ৫০ হাজার পেরিয়েছে। ২০২০ সালের এপ্রিলে যখন দেশ জুড়ে লকডাউন জারি করা হয়েছিল, সেই সময়ের প্রেক্ষিতে তা প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।












Click it and Unblock the Notifications