বিরোধী শিবিরে ধাক্কা! তিরঙ্গা মার্চ এড়িয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন ফারুক আবদুল্লা
২০২৪-এর লক্ষ্যে বিরোধীরা কংগ্রেসের নেতৃত্বে ঐক্যের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বিরোধীরা কতদূর পর্যন্ত যেতে পারবেন তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠছে মাঝে মধ্যেই। যেরকমটি হল এদিন। বিরোধীদের তিরঙ্গা মার্চে যোগ না দিয়ে এনসি প্রধান ফারুক আবদুল্লা সোজা চলে গেলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। যা নিয়েই শুরু হয়েছে জল্পনা।
বৃহস্পতিবার ছিল বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শেষ দিন। এদিন বেশ কয়েকটি বিরোধী দলবের সাংসদরা সংসদ থেকে বিজয় চক পর্যন্ত তিরঙ্গা মার্চ করেন। মিছিলে অংশ নিয়ে কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল বলেন, সরকার নিজেই সংসদ চলতে দিতে চায় না। সরকার আদানির কেলেঙ্কারি নিয়ে আলোচনা করতে চায় না বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে বুধবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের চেম্বারে বিরোধী নেতারা বৈঠক করেন। সেই সময় বৃহস্পতিবার তিরঙ্গা মার্চের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের তিরঙ্গা মার্চে প্রায় ১৭ টি দল অংশ নেয় বলেই জানা গিয়েছে।

এদিকে এদিন যে সব বিরোধীদের একটা বড় অংশ তিরঙ্গা মার্চ করছেন, সেই সময় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা দেখা করেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে। এই বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।
17वीं लोक सभा के 11वें सत्र के अनिश्चितकाल के लिए स्थगित होने के बाद माननीय प्रधानमंत्री जी, माननीय रक्षा मंत्री जी तथा अन्य दलों के नेताओं से भेंट।#BudgetSession pic.twitter.com/KyZhcXdtaK
— Om Birla (@ombirlakota) April 6, 2023
এই বৈঠকের ছবি শেয়ার করেছেন লোকসভার অধ্যক্ষ। তিনি বলেছেন, ১৭ তম লোকসভার ১১ তম অধিবেশন স্থগিত হওয়ার পরে এই বৈঠক হয়। তবে কংগ্রেস, তৃণমূল, বাম, আপ এই বৈঠক বয়কট করে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কংগ্রেস-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বাজেট অধিবেশনের শেষ দিন হওয়া অধ্যক্ষের ডাকা সন্ধের চা চক্র এড়িয়ে যেতে চলেছে।
কংগ্রেস ছাড়াও যেসব দল অধ্যক্ষের ডাকা চা চক্র এড়িয়ে যেতে চলেছে তারা হল ডিএমকে, তৃণমূল কংগ্রেস, আইইউএমএল, সিপিআইএম, সিপিআই, আরএসপি, জেডিইউ, আরজেডি, সমাজবাদী পার্টি, শিবসেনা উদ্ধব গোষ্ঠী এবং আম আদমি পার্টি।
উল্লেখ করা যেতে পারে এবার শুরু থেকেই উত্তপ্ত ছিল সংসদের বাজেট অধিবেশন। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বারে বারে মুলতুবি হতে দেখা গিয়েছে। বিরোধীরা যেমন আদানিদের বিরুদ্ধে তদন্ত করতে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে অনড় ছিল অন্যদিকে লন্ডনে করা মন্তব্যের জন্য রাহুল গান্ধীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে এসেছে বিজেপি।












Click it and Unblock the Notifications