লক্ষ্য একুশের ভোটে বাজিমাত, হঠাৎই কৃষক বন্দনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'রেকর্ড পরিমাণে খাদ্য় উৎপাদন' এবং জলের ব্য়বহারের জন্য তামিলনাড়ুর কৃষকদের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রবিবার চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য় রাখার সময় মোদী বলেন, 'রেকর্ড পরিমাণ খাদ্যশস্য় উৎপাদন এবং জলের উৎসের যথার্থ ব্য়বহারের জন্য আমি তামিলনাড়ুর কৃষকদের সাধুবাদ জানাতে চাই৷ জল সংরক্ষণের জন্য যা যা করা সম্ভব, আমাদের তাই করতে হবে৷ একটা মন্ত্র সবসময় মনে রাখবেন, জলের প্রত্য়েক বিন্দুতেই আরও বেশি শস্য় উৎপাদনের চাবিকাঠি লুকিয়ে আছে৷'

কৃষি আইন বাতিলের দাবি
দিল্লির সীমানায় যখন নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে মাসের পর মাস আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা, ঠিক সেই মুহূর্তে মোদির মুখে তামিল কৃষকদের প্রশংসা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের৷ নিজেকে কৃষকবন্ধু প্রমাণ করতেই প্রধানমন্ত্রীর কৃষকস্তূতি বলে মনে করছেন রাজনীতির কারবারিরা৷

বেশ কিছু জনকল্য়াণমুখী প্রকল্পের উদ্বোধন
প্রসঙ্গত, এবছরই বিধানসভা নির্বাচন রয়েছে দক্ষিণী রাজ্য় তামিলনাড়ুতে৷ তার আগে রাজ্য়ের মানুষের মন পেতে মরিয়া কেন্দ্রের শাসকদল৷ এদিন চেন্নাইয়ের মঞ্চ থেকে বেশ কিছু জনকল্য়াণমুখী প্রকল্পের উদ্বোধন করেন মোদি৷ যার মধ্য়ে চেন্নাই মেট্রোরেল পরিষেবার একটা অংশও রয়েছে৷ উদ্বোধনী মঞ্চ থেকে মোদি জানান, 'এবারের বাজেটে এই প্রকল্পের দ্বিতীয় দফার কাজের জন্য ৬৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ যা যেকোনও শহুরে প্রকল্পের জন্য় সর্বাধিক৷ এতে চেন্নাইয়ের মানুষ উপকৃত হবেন৷'

চেন্নাই মেট্রোর কাজ চলছে
যে হারে চেন্নাই মেট্রোর কাজ চলছে, তাতে যে তিনি বেজায় খুশি, তা প্রধানমন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট৷ এই প্রসঙ্গে তিনি বলেন, চেন্নাই মেট্রোর কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে৷ কোরোনা পরিস্থিতিতেও ভারতীয় ঠিকাদাররা দুর্দান্ত কাজ করছেন৷ ফলে নির্দিষ্ট সময়ের মধ্যেই মেট্রোর ৯ কিলোমিটার সম্প্রসারণের কাজ শেষ হয়ে যাবে৷

মৎস্য়জীবীদের কথাও আলাদাভাবে উল্লেখ করেছেন মোদী
তামিলনাড়ু উপকূলীয় রাজ্য৷ তাই এখানে এসে শুধুমাত্র কৃষক বা মেট্রোরেল নয়, মৎস্য়জীবীদের কথাও আলাদাভাবে উল্লেখ করেছেন মোদী৷ তাঁর কথায়, 'মৎস্য়জীবী সম্প্রদায় দয়ার প্রতীক৷' তাঁদের স্বার্থেই এবারের বাজেটে উপকূলীয় এলাকার উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ মৎস্য়জীবীদের আর্থিকভাবে আরও সক্ষম করে তুলতে কেন্দ্র সামুদ্রিক মৎস্য শিকারের পাশাপাশি সিউইডের মতো সামুদ্রিক উদ্ভিদ চাষের বিষয়েও জোর দিচ্ছে৷ আগামী দিনে চেন্নাইয়ে সিউইড পার্কও তৈরি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

শ্রীলঙ্কায় বসবাসকারী তামিলদের পাশে থাকার বার্তা
এর পাশাপাশি, শ্রীলঙ্কায় বসবাসকারী তামিলদের পাশে থাকারও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, 'আমাদের সরকার বরাবরই শ্রীলঙ্কায় বসবাসকারী আমাদের তামিল ভাইবোনদের কল্য়াণ ও উন্নয়নে গুরুত্ব দিয়েছে৷' এছাড়া, গৃহহীন তামিলদের জন্য ১৫ হাজার নতুন বাড়ি তৈরি, তাঁদের জন্য অ্য়াম্বুলেন্স পরিষেবা চালু-সহ একগুচ্ছ পরিকাঠামো তৈরিরও আশ্বাস দিয়েছেন মোদী৷












Click it and Unblock the Notifications