বুলেট ট্রেনের আগে চাই রেলের পরিকাঠামো উন্নয়ন, মোদী সরকার শুনছে কি
যে পরিকাঠামো রেলের ইতিমধ্যে রয়েছে, তার উন্নয়ন না করে কি খুব প্রয়োজন রয়েছে হাইস্পিড রেল করিডোর তৈরি করার বা বুলেট ট্রেনে চাপার স্বপ্ন দেখার?
মুম্বইয়ে এলফিনস্টোন রেল স্টেশনের ফুট ওভারব্রিজে পদপিষ্ট হয়ে এতজন মারা যাওয়ার যে ঘটনা ঘটল তার ভাষায় বর্ণনা করা মুশকিল। এতজন নিরীহ মানুষ মারা গেল শুধুমাত্র দুর্বল পরিকাঠামোর অভাবে। একটি স্টেশনে একসঙ্গে চারটি ট্রেন চলে এসেছিল। ট্রেন ধরতে যাওয়া নিয়ে এমনিতেই হুড়োহুড়ি ছি্ল। তার উপরে গুজব রটল যে ব্রিজ ভেঙে পড়ছে। ব্যস, তারপর যা হওয়ার তাই হল। মোট ২২জন নিরীহ মানুষ পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন।

এত সরু ব্রিজে এত বেশি মানুষ চলাচল করা এমনিতেই বিপদজনক। তবে সাধারণ মানুষের উপায় বা কি। ট্রেন হল মুম্বইয়ের লাইফলাইন। ট্রেন না ধরলে গোটা জীবনযাত্রাই থমকে যাবে। এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, যে পরিকাঠামো রেলের ইতিমধ্যে রয়েছে, তার উন্নয়ন না করে কি খুব প্রয়োজন রয়েছে হাইস্পিড রেল করিডোর তৈরি করার বা বুলেট ট্রেনে চাপার স্বপ্ন দেখার?
ভারতের রেল নেটওয়ার্ক সর্ববৃহত। সেই রেল নেটওয়ার্কের বেহাল দশা। কখনও মানুষ রেল দুর্ঘটনায় মারা যাচ্ছেন তো কখনও স্টেশনে পদপিষ্ট হতে হচ্ছে। এসবের মধ্যে বুলেট ট্রেনের দিকে হাত বাড়ানো কোনও অলীক স্বপ্ন নয় কি?
এলফিনস্টোনের রেল ওভারব্রিজ নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। রেল কর্তৃপক্ষ সেদিকে কান দেননি। এত সরু ব্রিজে এত বেশি লোক যাতায়াতে এমনিতেই যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারত। তা নিয়ে সরকার ও বিরোধীরা কেউ টু শব্দ খরচ করেননি। এখন সরকার যেমন দোষ ঝেড়ে ফেলতে পারে না, তেমনই বিরোধীরাও সরকারের ঘাড়ে দোষ ঝেড়ে নিশ্চিন্তে বসতে পারে না।
শিবসেনার তরফে দক্ষিণ মুম্বইয়ের সাংসদ অরবিন্দ সাওয়ন্ত ব্রিজের বিষয়টি লোকসভায় উত্থাপন করেন। রেল মন্ত্রক সেইসময় বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছিল। মুম্বইয়ের প্রাক্তন মেয়র শ্রদ্ধা যাদব রেল মন্ত্রকে চিঠি লিখে অবিলম্বে ব্রিজ সংষ্কারের দাবি জানান। কংগ্রেসের তরফেও ব্রিজ নিয়ে দাবি জানানো হয়েছি্ল। তবে বিরোধীদের দাবি, রেলের অপদার্থতায় শেষপর্যন্ত এতজন মানুষের মৃত্যু হল।
আর তাই বিরোধীদের দাবি যেন কোথাও গিয়ে জনতার দাবি হয়ে উঠেছে মুম্বইয়ে। দাবি করা হয়েছে, বুলেট ট্রেন চাই না। আগে রেলের বর্তমান পরিকাঠামো ঠিক করুক সরকার। তারপরে অন্য কিছু ভাবা যাবে।












Click it and Unblock the Notifications