রাহুল গান্ধী কি নিজের ঠাকুরমা ও কংগ্রেস সরকারের স্ট্যান্ড ডাস্টবিনে ফেলেছেন? সাভারকার প্রশ্নে নিশানা বিজেপির
লোকসভার সদস্যপদ বাতিলের পরে রাহুল গান্ধী সাভারকারকে নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার সমালোচনা করেছিল বিজেপি। এবার রাহুলকে নিশানা করে সাভারকারকে নিয়ে ইন্দিরা গান্ধীর মন্তব্য সামনে আনা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী সাভারকারকে সর্বশ্রেষ্ঠ সন্তান বলে বর্ণনা করেছিলেন।

রাহুল কি দল ও পরিবারের বিরুদ্ধে
গেরুয়া শিবিরের তরফে এদিন প্রশ্ন তুলে বলা হয়েছে, রাহুল গান্ধী কি সাভারকার নিয়ে করা মন্তব্যে নিজের পরিবার এবং দল যা বলেছিল তা বাতিল করতে চাইছেন? প্রসঙ্গত মহারাষ্ট্রে সাভারকারকে নিয়ে পুরোদস্তুর রাজনীতি শুরু হয়ে গিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে থানেতে সাভারকার গৌরব যাত্রার নেতৃত্ব দেন।

মহারাষ্ট্রে সাভারকারকে নিয়ে প্রচার
বীর সাভারকারের অবদান প্রত্যেক ঘরে ঘরে নিয়ে যেতে রাজ্য সরকারের তরফে সাভারকার গৌরব যাত্রা শুরু করা হয়েছে মহারাষ্ট্রে। এদিন রাহুল গান্ধীর সাভারকার মন্তব্য নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, রাহুল গান্ধীর মন্তব্যের তিনি তীব্র নিন্দা করছেন। দেশের স্বাধীনতা সংগ্রামে সাভারকারের বিরাট অবদান ছিল বলেও দাবি করেন তিনি।
|
বিজেপির নিশানায় রাহুল
এদিন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতাকে নিশানা করেন। তিনি দাবি করেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বীর সাভারকারকে নিয়ে একটি চিঠিতে তাঁকে ভারতের শ্রেষ্ট সন্তান বলে উল্লেখ করেছিলেন। এছাড়াও সাভারকারের সম্মানে ডাক টিকিটও প্রকাশ করেছিলেন তিনি। বিজেপি নেতা দাবি করেন, ইন্দিরা গান্ধী নিজে সাভারকার ফাউন্ডেশনে অর্থ দান করেছিলেন। এরপরেই বিজেপি মুখপাত্রের প্রশ্ন তাহলে কি রাহুল গান্ধী নিজের ঠাকুরমা এবং নিজের সরকারের স্ট্যান্ড ডাস্টবিনে ফেলে দিয়েছেন?

সাভারকারকে নিয়ে রাহুল গান্ধী
মোদী পদবী নিয়ে আদালতের রায় এবং তার পরে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পরে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, মোদী-পদবী নিয়ে মন্তব্যে তিনি ক্ষমা চাইবেন না। তিনি বলেছিলেন, তাঁর নাম সাভারকার নয়, গান্ধী। গান্ধী কারও কাছে ক্ষমা চান না।

রাহুল মন্তব্যের বিরোধিতায় জোট শরিকও
একথা উল্লেখ করা প্রয়োজন, মহারাষ্ট্রে বর্তমানে বিরোধী জোট মহা বিকাশ আঘাধির অংশীদার এনসিপি এবং শিব সেনার উদ্ধব বালাসাহেব ঠাকরে গোষ্ঠী রাহুল গান্ধীর মন্তব্যের বিরোধিতা করেছে। উদ্ধব ঠাকরে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দল বীর সাভারকার নিয়ে অপমান সহ্য করবে না। তিনি আরও বলেছিলেন সাভারকার মহারাষ্ট্রের জনগণের কাছে ঈশ্বরের মতো।












Click it and Unblock the Notifications