Delhi High Court: ধর্ষণে নির্যাতিতদের বিনামূল্যে চিকিৎসা দেবে সব হাসপাতাল, নির্দেশ দিল্লি হাইকোর্টের
Delhi High Court: ধর্ষণের মামলার শুনানিতে যুগান্তকারী রায় দিল্লি হাইকোর্টের। এবার থেকে ধর্ষণ, অ্যাসিড হামলা ও পকসো মামলার নির্যাতিতদের বিনামূল্যে চিকিৎসা (Free Treatment) প্রদানের নির্দেশ। সরকারি ও বেসরকারি হাসপাতাল নির্বিশেষে তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদানে বাধ্য থাকবে। এদিন বছর ১৬-এর এক নাবালিকাকে তার বাবার ধর্ষণের মামলার শুনানিতে এমনই জানাল দিল্লি হাইকোর্ট।
বিচারপতি প্রতিভা এম সিং ও বিচারপতি অমিত শর্মার ডিভিশন বেঞ্চ এদিন আদেশ দেয়, সমস্ত হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিক ও মেডিক্যাল সেন্টারগুলি এবার থেকে ধর্ষণ (Rape), যৌন অত্যাচার (Sexual Violence) ও শিশুদের যৌন নিগ্রহের (POCSO) ঘটনায় বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে। এ সংক্রান্ত একগুচ্ছ নির্দেশনামাও জারি করেছে আদালত।

সেখানে এও জানানো হয়েছে, যদি কোনও হাসপাতাল নির্যাতিতদের বিনামূল্যে চিকিৎসা প্রদানে অস্বীকার করে তাহলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। এর ফলে সংশ্লিষ্ট ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, স্টাফ থেকে শুরু কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন ডিভিশন বেঞ্চের তরফে আরও জানানো হয়, বিনামূল্যে চিকিৎসার আওতায় যেকোনওরকম স্বাস্থ্য পরীক্ষাও অন্তর্ভুক্ত হবে।
নির্যাতিতদের ভর্তি নেওয়া, যেকোনও প্রকার প্রাথমিক চিকিৎসা, ডায়গনস্টিক পরীক্ষা, ল্যাব পরীক্ষা, অস্ত্রোপচার বিনামূল্যে করতে হবে বলে জানিয়েছে আদালত। এছাড়াও তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর প্রয়োজনে শারীরিক ও মানসিক কাউন্সেলিং, মানসিক সাহায্য, পরিবারের কাউন্সেলিং বিনামূল্যে করাতে হবে। এ সংক্রান্ত একটি বোর্ড তৈরি করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
তবে নির্যাতিতেদর জরুরি ভিত্তিতে আনা হলে তাকে অথবা সঙ্গে থাকার পরিজনদের পরিচয়পত্র পেশ করার জন্য বাধ্য করা যাবে না বলেও সাফ জানিয়েছে দিল্লি হাইকোর্ট। এদিনের শুনানিতে মোট ১৬টি এমন গাইডলাইন জারি করেছে দিল্লি হাইকোর্ট। বিনামূল্যে চিকিৎসার মধ্যে এইচআইভির প্রতিষেধক দেওয়া থেকে শুরু করে, গর্ভাবস্থা চলে এলে তা খেয়াল রাখার দিকটিও বলতে চেয়েছে আদালত।
কেন্দ্রীয় বা রাজ্য সরকার পরিচালিত হাসপাতাল ছাড়াও বেসরকারি স্বাস্থ্য ও সেবা প্রতিষ্ঠানগুলিতে এই নির্দেশ মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। নির্দেশ না মানা হলে এক বছরের কারাবাস বা মোটা অঙ্কের জরিমানা ধার্য হতে পারে।
ভারতীয় ন্যায় সংহিতার ২০০ ও ১৬৬ ধারায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে আদালত। নাবালিকা মেয়েকে ধর্ষণের দায়ে তার অভিযুক্ত বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications