Delhi Assembly Polls 2025: সিসোদিয়ার আসন বদল, দিল্লির বিধানসভা নির্বাচনে আপের দ্বিতীয় প্রার্থী তালিকায় চমক
Delhi Assembly Polls 2025: বছর ঘুরতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। সোমবার দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ করল আম আদমি পার্টি (Aam aadmi party)। এই তালিকায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল। নাম রয়েছে মণীশ সিসোদিয়া ও অবধ ওঝাদের মতো উল্লেখযোগ্য প্রার্থীদের।
দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা পটপরগঞ্জের বিধায়ক মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) আসন বদল করল আপ। আগামী বিধানসভা নির্বাচনে জঙ্গপুরা আসন থেকে লড়বেন তিনি। অপরদিকে সিসৌদিয়ার আসনে প্রার্থী করা হয়েছে দলে সদ্য যোগ দেওয়া জনপ্রিয় শিক্ষাবিদ তথা ইউটিউবার অবধ ওঝাকে (Avadh Ojha)।

শাহদারা আসনে প্রার্থী পদ্মশ্রী জিতেন্দ্র সিং শান্টি (Jitender singh shunty)। বিজেপির এই প্রাক্তন বিধায়ক সদ্য যোগ দেন আম আদমি পার্টিতে। কোভিডের সময় মৃতদেহ সৎকারে সমাজসেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। জনগণের কাছে 'অ্যাম্বুল্যান্স ম্যান' হিসেবেই বেশি পরিচিত শান্টি। ২০২১ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় তাঁকে।
শাহদারা আসনে প্রবীণ বিধায়ক রাম নিবাস গোয়েল রাজনীতি থেকে অবসর ঘোষণা করতেই সেখানে প্রার্থী করা হল জিতেন্দ্রকে। অন্যদিকে, বিধানসভায় আপের মুখ্য সচেতক দিলীপ পাণ্ডের বদলে তিমরপুর আসন থেকে প্রার্থী করা হল সুরিন্দর পাল সিং বিট্টুকে। বিজেপি থেকে আপে যোগ দেন তিনি।
এর আগে প্রথম প্রার্থী তালিকায় ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল আম আদমি পার্টি (AAP)। এদিন প্রার্থী তালিকায় নাম দেখে অরবিন্দ কেজরিওয়ালকে ধন্যবাদ জানান দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে দুর্নীতি ও আর্থিক তছরুপ মামলায় ১৭ মাস পর জামিন পেয়ে তিহাড় জেল থেকে ছাড়া পান সিসোদিয়া। দল তাঁর প্রতি আস্থা রাখায় এদিন ধন্যবাদ জানান সিসৌদিয়া।
প্রসঙ্গত, ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সপ্তম দিল্লি বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৬২ জন বিধায়কই আপের। এবারের নির্বাচনেও তাই কংগ্রেসের সঙ্গে জোট না করে একা হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়ালের দল। পাল্টা কংগ্রেসও আপের সঙ্গে জোটে যাবে না বলে জানিয়েছে।












Click it and Unblock the Notifications