Delhi Polls Result: কেন্দ্রে মোদী জমানার এক দশক পর অবশেষে দিল্লিতে পদ্ম ম্যাজিক, কীভাবে কাটল ২৭ বছরের খরা?
Delhi Assembly Election Result: দীর্ঘ ২৭ বছরের খরা কাটিয়ে দিল্লি বিধানসভা দখল বিজেপির (BJP)। কেন্দ্রে মোদী ঝড়ের প্রায় এক দশক পর দিল্লিতে ফুটল পদ্মফুল। মোদী জমানায় ভারতের হিন্দি বলয়গুলিতে বিজেপি টানা বিজয়ের মুখ দেখলেও ২৭ বছর ধরে গেরুয়া শিবিরের কাছে অধরাই ছিল দিল্লি।
তবে পাশা পাল্টে গেল ২০২৫ এর বিধানসভা নির্বাচনে। শাসকদল আম আদমি পার্টিকে (Aam Aadmi Party) পর্যুদস্ত করে দিল্লিতে ক্ষমতায় বিজেপি। ভোটের আগে থেকেই মুখ্যমন্ত্রীর নাম নিয়ে রাখঢাক করে এসেছে বিজেপি। তাতে অবশ্য ভোটে কোনও প্রভাব পড়েনি।

তার কারণ প্রথম থেকেই দিল্লির ভোটে বিজেপির মুখ্য প্রচারক হয়েছিলেন খোদ নরেন্দ্র মোদী (Narendra Modi)। কেজরিওয়ালকে টার্গেট করেই আবর্তিত হয়েছে বিজেপির আপ বিরোধী প্রচার। আর তারই সুফল উপচে পড়েছে ভোটবাক্সে। মোদী জমানাতেই দিল্লিতে বিজেপির খরা কাটল।
দিল্লির ভোটের ভাগ্য নির্ধারণ করেছেন দেড় কোটিরও বেশি ভোটার। দেশের প্রশাসনিক শক্তিকেন্দ্রে ফুটল পদ্মফুল। বেলা সাড়ে বারোটার ফলাফলের ট্রেন্ডের নিরিখে ৩৬ আসনের ম্যাজিক ফিগার পার করে দিল্লিতে ৪৭ আসনে এগিয়ে গিয়েছে বিজেপি। ২৩ আসনে এগিয়ে দুইবারের শাসকদল আম আদমি পার্টি। খাতা খুলতেই পারেনি কংগ্রেস। তাদের ঝুলি আপাতত শূন্যই।
২০১৪ তে লোকসভা ভোটে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার আসার পরই ২০১৫ তে দিল্লিতে বিধানসভা নির্বাচন ছিল। স্থানীয় স্তরে তখন আপেরই দাপট অব্যাহত। সেই প্রক্রিয়া আরও সুদৃঢ় করে তোলার চেষ্টায় কেজরিওয়ালের আম আদমি পার্টি। ২০১৫ এর পর ২০২০ তেও আপেরই দাপুটে জয় হয়েছে দিল্লিতে। তবে কেন্দ্রে মোদী আসার ১১ বছর পর বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে দিল্লির মন জিতল বিজেপি।
এবারের ভোটে দিল্লিতে মোদী ছাড়াও বিজেপির প্রচারের মুখ ছিলেন অমিত শাহ, যোগী আদিত্যনাথরা। দিল্লিতে স্থানীয় স্তরে বড় মুখ না থাকায় ভোটারদের আস্থা অর্জনে বেগ পেতে হয়েছে বিজেপিকে। সেই সুযোগ নিয়েছে কেজরিওয়ালের আপও। যদিও কেজরিওয়ালকে নিশানা করে টানা আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দুর্নীতি ও শিসমহল ইস্যুতে বরাবর প্রচারসভা থেকে আক্রমণ করে গিয়েছেন নরেন্দ্র মোদীও।
মোদীর নেতৃত্বই বিজেপিকে দিল্লিতে জয় এনে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। স্থানীয় স্তরে সংগঠনের ভিত মজবুত করতে স্থানীয় ইস্যুকেই হাতিয়ার করেছিল বিজেপি। দূষণ থেকে আবগারি, যমুনার জল থেকে রাস্তা-নিকাশির সমস্যা তুলে আপের ব্যর্থতা দেখানোর চেষ্টা করেছিল বিজেপি। স্থানীয় স্তরে প্রভাবশালী মুখ না থাকলেও ইস্যুকেই হাতিয়ার করে দিল্লির ভোট ঝুলিতে পুড়ল মোদী-শাহের দল।












Click it and Unblock the Notifications