Delhi Assembly Election Result: কালকাজিতে জিতে দলের মানরক্ষা অতিশী মারলেনার, পরাজয়ের সান্ত্বনা পুরস্কার পেল আপ
Delhi Assembly Election Result: হাড্ডাহাড্ডি লড়াই শেষে দিল্লির ভোটে কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী অতিশী মারলেনা। প্রায় ৯০০ ভোটে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রমেশ বিধুরিকে পরাজিত করলেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী। তবে অতিশী জিতলেও তাঁর দল আম আদমি পার্টি পরাজয়ের মুখ দেখছে দিল্লিতে। কালকাজিতে জিতে দলের মানরক্ষা অতিশীর।
দুর্নীতির দায়ে জর্জরিত অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফার পর দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে অতিশী মারলেনাকে দায়িত্ব দেয় শাসকদল আম আদমি পার্টি। গত ২০২০ সালের বিধানসভা ভোটে ১১ হাজার ৩৯৩ ভোটে কালকাজি আসন থেকে প্রথমবার ভোটে জিতেছিলেন অতিশী মারলেনা। এবারের ভোটে হেরে গিয়েছেন খোদ আপের পোস্টার বয় অরবিন্দ কেজরিওয়াল-সহ প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও। দলকে সান্ত্বনা পুরস্কার এনে দিলেন অতিশী।

এবারের ভোটে অন্যতম হেভিওয়েট আসন ছিল কালকাজি। আপের অতিশী মারলেনা ও বিজেপির রমেশ বিধুরির মধ্যে তুমুল কাজিয়া দেখা গিয়েছে রাজধানীর ভোটে। তিনবারের বিধায়ক রমেশ অতিশীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য়ের অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন। অতিশীর পদবী নিয়ে কালকাজি থেকে রমেশ বলেছিলেন, "মারলেনা এখন সিং হয়েছেন। বাবা বদলে ফেলেছেন অতিশী। আগে মারলেনা ছিলেন, এখন সিং হয়ে গিয়েছেন।"
বিধুরির মন্তব্য নিয়ে সাংবাদিক বৈঠকে বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন অতিশী। মহিলা মুখ্যমন্ত্রীর বাবাকে নিয়ে কটূক্তি করে বিজেপি বিধায়ক ভোটে জিততে চাইছেন বলে অভিযোগ তোলে আপ। মুখ্যমন্ত্রিত্বের আগে দিল্লির শিক্ষামন্ত্রী হিসেবে তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার পরামর্শ নিয়ে রাজধানীতে শিক্ষা সংক্রান্ত সংস্কার এনেছিলেন অতিশী। ওয়াকিবহাল মহলের মত, মহিলা ভোটের ফ্যাক্টরেই জয় হল অতিশীর।
এদিকে পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির রমেশ বিধুরির ছিল সংগঠনের একাধিক দায়িত্ব। দক্ষিণ দিল্লির গ্রামীণ পরিবারগুলির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বিধুরির। ছাত্রনেতা থেকে বিজেপি নেতার আসনে পৌঁছেছেন বিধুরি। দক্ষিণ দিল্লিতে লোকসভা আসন থেকে দুই বারের সাংসদও ছিলেন বিধুরি। ১৯৯৭ সাল থেকে ২০০৩ পর্যন্ত দিল্লি বিজেপির জেলা সভাপতি ছিলেন বিধুরি। ২০০৩ থেকে ২০০৮ সালে দলের সহ সভাপতি পদে রাখা হয় তাঁকে। দিল্লির তুঘলকাবাদ আসনে তিন তিনবারের বিধায়ক তিনি। অবশেষে আপের অতিশী মারলেনার কাছে হার বিজেপির রমেশ বিধুরির।












Click it and Unblock the Notifications