দিল্লিতে আটক প্রিয়াঙ্কা গান্ধী! কৃষি আইন বিরোধী আওয়াজকে চুপ করাতে মরিয়া কেন্দ্র
রাষ্ট্রপতি ভবনে যাওয়ার সময় আটকানো হল কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে। বৃহস্পতিবার তাঁর নেতৃত্বে কংগ্রেসের একটি দল মিছিল করে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিল। সেই সময় তাঁকে আটকানো হয়। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলেন তাঁরা।

রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি
তাঁরা কৃষি আইন প্রত্যাহারের জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইছেন। একই সঙ্গে আটক করা হয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী-সহ একাধিক নেতা-নেত্রীকে। তাঁদের একটি বাসে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের নয়া এই কৃষি বিল নিয়ে মাসখানেক ধরে গোলমাল চলছে।

সিঙ্ঘু সীমান্তে অবস্থান-বিক্ষোভ
রাজধানী দিল্লির কাছে সিঙ্ঘু সীমান্তে অবস্থান-বিক্ষোভ করছেন কৃষকরা। কৃষকদের হয়েই দাবি জানাতে আজ রাষ্ট্রপতি ভবনে যাচ্ছিলেন কংগ্রেসের নেতা-নেত্রীরা। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'সরকারের বিরুদ্ধে যে কোনও বিষয়ই সন্ত্রাসের উপাদান হিসেবে দেখানো হচ্ছে। আমরা কৃষকদের হয়ে মিছিল করছিলাম।'

কেন আটক প্রিয়াঙ্কারা?
এদিকে রাহুল, প্রিয়ঙ্কা-সহ কংগ্রেস নেতাদের কেন আটকানো হল, তা নিয়ে দিল্লি পুলিশের বক্তব্য, রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করার জন্য যাঁদের অনুমতি ছিল, শুধু তাঁদেরই প্রবেশ করতে দেওয়া হবে। এদিকে আইন বাতিল করতে কৃষক, শ্রমিক এবং সমাজের অন্যান্য স্তরের মানুষদের থেকে দুই কোটি স্বাক্ষর সংগ্রহ করেছে কংগ্রেস। সেই স্বাক্ষর রাষ্ট্রপতিকে জমা দিয়ে কংগ্রেস এই ইস্যুতে তাঁর হস্তক্ষেপের দাবি জানায়।

কৃষি আইনের বিরোধিতায় আজও আন্দোলন জারি
উল্লেখ্য, কৃষি আইনের বিরোধিতায় আজও আন্দোলন জারি রেখেছেন কৃষকরা। তবে এরই মধ্যে আন্দোলনরত কৃষকদের চাপে ফেলতে কেন্দ্রীয় সরকার বৈঠক করে চলেছে কৃষি আইনের সমর্থন করা কৃষক সংগঠনগুলির সঙ্গে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছিলেন তাঁর কাছে আইনের সমর্থনে দেওয়া ৩ লক্ষ কৃষকের স্বাক্ষর রয়েছে। এরই পাল্টা হিসেবে এদিন কৃষি আইনের বিরোধিতায় ২ কোটি স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications