বিজেপিকে হারিয়ে কংগ্রেস কি ক্ষমতায় ফিরছে কর্নাটকে, লোক পোল সমীক্ষার ফল একনজরে
কর্নাটকে ক্ষমতা ফিরতে পারবে কি কংগ্রেস? উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যে বিজেপির কাছে হারতে হয়েছে, এবার কি দক্ষিণ ভারতে বিজয়ধ্বজা ওড়াতে সমর্থ হবে তারা? কর্নাটক বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষার ফলে কিন্তু স্পষ্ট জয়ের আভাস।
২০২৩-এর প্রথম কোনো বড রাজ্যে নির্বাচন হতে চলেছে আগামী মাসের ১০ তারিখে। সেই কর্নাটকের নির্বাচনে জিততে কংগ্রেস ও বিজেপি উভয়েই সম্মুখ সমরে অবতীর্ণ। সম্প্রতি সমীক্ষক সংস্থার লোক পোল চূড়ান্ত জনমত সমীক্ষা রিপোর্ট সামনে এনেছে।

তাদের জনমত সমীক্ষায় আভাস কর্নাটকে পালাবদল ঘটতে চলেছে। অর্থাৎ বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। কর্নাটকের বিধানসভা নির্বাচনে গতবার বৃহত্তম দল হয়েছিল বিজেপি। তারা ১০৪টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০টি কেন্দ্রে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭টি বিধানসভা আসনে। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন।
শেষপর্যন্ত টালবাহানার পর সরকার গড়ে কংগ্রেস ও জেডিএস জোট। পরবর্তী সময়ে সেই সরকার ফেলে বিজেপি ক্ষমতা দখল করে। এবারের পরি্স্থিতিতে বিজেপিকে চূড়ান্ত প্রতিষ্ঠানবিরোধী হাওয়ার মোকাবিলা করতে হচ্ছে। এই পরি্স্থিতি সমীক্ষক সংস্থা লোক পোলের মতে এবার কংগ্রেস জয়ী হবে কর্নাটকে।
কংগ্রেস এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় আসবে বলে রিপোর্টে প্রকাশ। এককভাবেই তারা ক্ষমতায় আসতে সক্ষম হবে বলে জানিয়েছে এই সমীক্ষা। লোক পোলের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে ১২৮ থেকে ১৩১টি আসন। উল্লেখ্য, ২২৪ আসনবিশিষ্ট কর্নাটকে ম্যাজিক ফিগার ১১৩।

অর্থাৎ কোনো দলকে এককভাবে সরকার গঠন করতে গেলে ১১৩টি আসন পেতে হবে। সেই ম্যাজিক ফিগার কংগ্রেস অতিক্রম করবে বলে এই সমীক্ষা বলছে। এখানে উল্লেখ্য, কংগ্রেস গতবার পেয়েছিল ৮০টি আসন। এবার তারা এই সমীক্ষা অনুযায়ী দেড়গুণ আসন লাভ করতে চলেছে তারা
সমীক্ষায় প্রকাশ বিজেপি এবার পেতে পারে ৬৬ থেকে ৬৯টি আসন। তারা এবার ম্যাজিক ফিগার থেকে অনেকটাই পিছনে রয়ে যাবে বলে আভাস সমীক্ষায়। গতবার তারা ম্যাজিক ফিগার না পেলেও একশো ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু এবার তারা ১০০-র অনেক নীচেই থমকে যাবে বলে মনে করছে লোক পোল।

লোক পোলের সমীক্ষা অনুযায়ী জেডিএস পেতে পারে ২১ থেকে ২৫টি আসন। গতবার তারা পেয়েছিল ৩৭টি আসন। এবার গতবারের থেকেও খারাপ ফল করবে জেডিএস। অন্তত ১২টি আসন কম পেতে পারে তারা। আরও কম হতে পারে তাদের আসন সংখ্যা। অন্যান্যরা এবার পেতে পারে ১ থেকে ২টি আসন।
সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে ৪২ থেকে ৪৫ শতাংশ ভোট। আর বিজেপি পেতে পারে ৩০ থেকে ৩৩ শতাংশ ভোট। জেডিএস ভোট পেতে পারে ১৫ থেকে ১৮ শতাংশ। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৬ থেকে ৯ শতাংশ ভোট।












Click it and Unblock the Notifications