আইএনএক্স মিডিয়া মামলায় জামিন মঞ্জুর চিদাম্বরমের, ১০০ দিন পর ছাড়া পাচ্ছেন কংগ্রেস নেতা
অবশেষে জামিনে মুক্তি পেতে চলেছেন পি চিদাম্বরম। আইএনএক্স মিডিয়া মামলায় সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর হয়েছে তাঁর।
অবশেষে জামিনে মুক্তি পেতে চলেছেন পি চিদাম্বরম। আইএনএক্স মিডিয়া মামলায় সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর হয়েছে তাঁর। প্রায় ১০০ দিন পর জেল থেকে ছাড়া পেতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গত ১৫ নভেম্বর দিল্লি হাইকোর্টের জামিন না দেওয়ার নির্দেশ দেয়। ২৮ নভেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতির নেতৃত্বাধীন বেঞ্চ দিল্লি হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয়।

সেই মামলার শুনানিতেই আজ চিদাম্বরমের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ইডির তরফে দাবি করা হয়েছিল চিদাম্বরম প্রভাবশালী হওয়ায় তিনি জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। সুপ্রিম কোর্ট ইডির সেই দাবি খারিজ করে দেয়। ইডির হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। তিনি চিদাম্বরমের জামিনের বিরোধিতা করে বলেন, ক্ষমতাসীন ব্যক্তির আর্থীক দুর্নীতি দেশবাসীর কাছে বিরূপ মনোভাব তৈরি করে। চিদাম্বরমের হয়ে সওয়াল করেছিলেন কপিল সিবল এবং অভিষেক মনু সিংভি।
গত ২১ অগস্ট আইএনএক্স মিডিয়া মামলায় আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমকে। তারপর দীর্ঘদিন সিবিআই হেফাজতে ছিলেন তিনি। শেষে তিহার জেলে রাখা হয় তাঁকে। সেখানে উপযুক্ত নিরাপত্তা দিয়েই আলাদা সেলে রাখা হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। ১৬ অক্টোবর আবার ইডি তাঁকে গ্রেফতার করে।












Click it and Unblock the Notifications