Chhattisgarh Election 2023: ছত্তিশগড়ে ভোট চলাকালীন CRPF-এর ওপরে মাওবাদী হামলা! IED বিস্ফোরণ
Chhattisgarh Assembly Election 2023: ছত্তিশগড়ে দ্বিতীয় তথা শেষ দফায় এদিন ভোট নেওয়া হচ্ছে ৭০ টি আসনে। এদিন ধামতরিতে সিআরপিএফের টহলদারি দলের ওপরে হামলা চালায় মাওবাদীরা। আইইডি দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। বাইক আরোহী দুই সিআরপিএফ জওয়ান অল্পের জন্য রক্ষা পান।
উল্লেখ্য নির্বাচনের আগে মাওবাদীরা ভোট বয়কটের পোস্টার ও ব্যানার লাগিয়েছিল। এদিন যে সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটনো হয়, , তাদের পোলিং টিমের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল।

নিরাপত্তা বাহিনীর একটি দল ভোট কেন্দ্রে নিরাপত্তা দিতে বেরিয়েছিল। সেই সময় দুটি আইইডি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার মাওবাদীরা ভোট বয়কটের ডাক দিয়ে ব্যানার ও পোস্টার লাগিয়েছিল। এর প্রেক্ষিতে মাওবাদী প্রভাবিত এলাকায় কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।
উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মোট ৯০ টি বিধানসভা আসনের মধ্যে ২০ টি আসনের নির্বাচন হয়এছে ৭ নভেম্বর। এদিন বাকি ৭০ টি আসনে নির্বাচন হচ্ছে। রাজ্যে নির্বাচন ঘোষণার পর থেকে বস্তারের অনেক জায়গায় নির্বাচন বয়কটের ডাক দিয়ে মাওবাদীরা ব্যানার ও পোস্টার দিয়েছে।
ছত্তিশগড়ের ভোট কেন্দ্রগুলির মধ্যে ১০৯ টি অতিসংবেদনশীল এবং ১৬৭০ টিকে সংবেদনশীল বলে ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। রাজ্যে মোট ৯০২৭২ জন ভোট কর্মী মোতায়েন করা হয়েছে।
এর আগে এই মাসের একেবারে শুরুতে ২ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের কয়েক ঘন্টা আগে ছত্তিশগড়ের বস্তারের কাঙ্কের জেলায় মাওবাদী হামলা হয়। পুলিশ ইনফর্মার বলে অভিযোগ করে মাওবাদীরা তিনজন গ্রামবাসীকে হত্যা করে। মহারাষ্ট্রের সীমান্তবর্তী ছোটবেটিয়া থানার আওতাধীন মোরখান্দি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। মৃতরা হল কুল্লে কাটলামি (৩৫), মনোজ কোভাচি (২২) এবং দুগ্গে কোভাচি (২৭)। তিনজনই পাখাঞ্জুর তহসিলের মোরখান্দির বাসিন্দা ছিলেন।
অন্যদিকে গত ৭ নভেম্বর প্রথম দফার ভোটে প্রথমবার ভোট দেন বছর ৩৪-এর এক মহিলা কনস্টেবল। ২০১৮-র ডিসেম্বরের আগে সুমিত্রা সাহু নারায়ণপুরেই মাওবাদীদের এরিয়া কমান্ডার হিসেবে কাজ করতেন। কিন্তু পুলিশের সঙ্গে এনকাউন্টারে তাঁর ৬-৭ জন সহকর্মীর মৃত্যুর পরে হিংসার পথ ছেড়ে ২০১৯-এর জানুয়ারিতে পুলিশে যোগ দেন। প্রথমের দিকে গোয়েন্দা বিভাগে কাজ করলেও পরে কনস্টেবল হিসেবে কাজ শুরু করেন।












Click it and Unblock the Notifications