By polls dates announced: দেশের ১৫ রাজ্যে উপনির্বাচন নভেম্বরে, বাংলার ৬ বিধানসভা আসনেও হবে ভোট
Bypolls Dates Annouced: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের পাশাপাশি উপনির্বাচনেরও দিন ঘোষণা নির্বাচন কমিশনের। দেশের ১৫টি রাজ্যের ৪৮টি বিধানসভা কেন্দ্রে ও ২টি লোকসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। ১৩ নভেম্বর বাংলার ছয় বিধানসভা আসনেও হতে চলেছে উপনির্বাচন।
বাংলার সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংরা বিধানসভা আসনে ভোটগ্রহণ ১৩ নভেম্বর। এই ছয় আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন। তাই ছেড়ে আসা বিধায়কের আসনে হবে উপনির্বাচন। যদিও বসিরহাটের সাংসদ হাজি নরুল ইসলাম সম্প্রতি প্রয়াত হয়েছেন। তবে বসিরহাট লোকসভা আসনে আপাতত উপনির্বাচন হচ্ছে না।

মাদারিহাট আসনে বিধায়ক থেকে সাংসদ হন বিজেপির মনোজ টিগ্গা। তাঁর ছেড়ে আসা আসনে হবে উপনির্বাচন। সিতাইয়ের বিধায়ক আসন ছেড়ে কোচবিহারের সাংসদ হয়েছেন তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। মেদিনীপুরে জুন মালিয়া ও তালড্যাংরা ছেড়ে বাঁকুড়ার সাংসদ হয়েছেন অরূপ চক্রবর্তী। নৈহাটির বিধায়ক পদ থেকে ব্যারাকপুরের সাংসদ হয়েছেন পার্থ ভৌমিক। তাই এসমস্ত আসনে রয়েছে ভোট।
১৩ নভেম্বরের উপনির্বাচনের মনোনয়নের শেষ তারিখ ২৫ অক্টোবর। ২৮ অক্টোবরের মধ্যে মনোনয়ন পত্র স্ক্রুটিনি ও ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা। ২৩ নভেম্বর মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে ভোটগণনা। সেদিনই একসঙ্গে ভোট গণনা হবে উপনির্বাচনেরও।
অসমের ৫টি, বিহারের ৪টি, ছত্তীসগঢ়ের ১টি, গুজরাতের ১টি, কর্ণাটকের ৩টি, কেরলের ২টি, মধ্যপ্রদেশের ২টি, মেঘালয়ের ১টি, পঞ্জাবের ৪টি, রাজস্থানের ৭টি, সিকিমের ২টি, উত্তরপ্রদেশের ৯টি, উত্তরাখণ্ডের ১টি ও বাংলার ৬টি বিধানসভা আসনে হবে উপনির্বাচন।
উত্তরপ্রদেশের রয়বেরেলী ও কেরলের ওয়েনাড লোকসভা আসনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু রয়বরেলী রেখে ওয়েনাড আসনটি ছেড়ে দেন তিনি। তাই সেখানে ১৩ তারিখ হবে উপনির্বাচন। ১৩ নভেম্বর মহারাষ্ট্রের একটি লোকসভা ও উত্তরাখণ্ডের একটি বিধানসভা বাদে বাকি সব আসনে হবে উপনির্বাচন। ওই দুই আসনে উপনির্বাচন ২০ নভেম্বর। অপরদিকে, মহারাষ্ট্রের নান্দেড় আসনে কংগ্রেস সাংসদ বসন্তরাও বলওয়ান্তরাও চবন প্রয়াত হয়েছেন গত অগস্ট মাসে। তাই সেখানে ২০ নভেম্বর হবে উপনির্বাচন।












Click it and Unblock the Notifications