মধ্যপ্রদেশে ব্রিজ থেকে বাস পড়ল নিচে! কমপক্ষে ১৫ জনের মৃত্যু, আহত ২৫
মধ্যপ্রদেশের খড়গনে ব্রিজ থেকে বাস পড়ল নিচে। সেই ঘটনায় কমপক্ষে ১৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। উদ্ধার কার্য চলছে বলে জানিয়েছেন খড়গনের পুলিশ সুপার ধরমবীর সিং। বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
বাসটি ইন্দোরে দিকে যাওয়ার সময় ব্রিজ থেকে নিচে পড়ে যায়। প্রথমে স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে তাঁরাই নিয়ে যায়। পরে প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলাশাসক শিবরাজ সিং ভার্মা।

খড়গনের মহকুমা পুলিশ অফিসার রাকেশ মোহন শুক্লা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইন্দোরের দিকে যাওয়া বাসটি জেলা সদর থেকে প্রায় ৩৪ কিমি দূরে জোঙ্গারগাঁওয়ের কাছে বোরাদ নদীর সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। তবে নদীতে জল ছিল না।
তিনি আরও জানিয়েছেন, সকাল প্রায় নটার সময় হওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন শিশু-সহ ১৫ জনের মৃত্যু হয়। আহতদের খড়গন জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চালকের সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান চালক ঘুমের ঘোরে থাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। সরকারের তরফে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে গুরুতর আহতদের ৫০ হাজার এবং সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারি তরফে।












Click it and Unblock the Notifications