Budget 2024: বাজেটে কর্মসংস্থান তৈরিতে জোর! লোকসভা নির্বাচন থেকে কি শিক্ষা নিল মোদী সরকার?
Budget 2024: ২০১৪ ও ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি নিজেরাই সংখ্যাগরিষ্ঠ ছিল। কিন্তু এবার ২৪০-এ গিয়ে থেমে যেতে হয়েছে। যে কারণে প্রধানমন্ত্রী মোদীকে নির্ভর করতে হচ্ছে দুই এন অর্থাৎ নীতীশ কুমার এবং এন চন্দ্রবাবু নাইডুর ওপরে। বাজেটে বিহারের জন্য ৪১ হাজার কোটি এবং ও অন্ধ্রপ্রদেশের জন্য ১৫ হাজার কোটি টাকার বরাদ্দ করা হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রধানমন্ত্রীর প্যাকেজের অংশ হিসেবে নতুন কর্মসংস্থান ও সংযুক্ত উৎসাহ প্রকল্পের ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ইপিএফওতে তালিকাভুক্তির ওপরে ভিত্তি করে তিনটি প্রকল্প বাস্তবায়িত করবে। তিনি জানিয়েছেন এক্ষেত্রে প্রথমবারের কর্মচারীদের স্বীকৃতি এবং কর্মচারী ও নিয়োগকর্তাদের পরে ফোকাস করা হবে।

স্কিম-এ-ফার্স্ট টাইমারদের জন্য প্রথমবার নতুন কাজে যোগ দিলে সবাইকে এক মাসের বেতন বা মজুরি দেওয়া হবে। তবে তা ১৫ হাজার টাকার বেশি হবে না। তিন কিস্তিতে এই টাকা দেওয়া হবে।
উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান তৈরির বিষয়ে সম্বোধন করে সীতারমন বলেছেন এই প্রকল্পটি প্রথমবারের কর্মীদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ম্যানুফ্যাকচারিং সেক্টরে অতিরিক্ত কর্মসংস্থানকে উৎসাহিত করবে। এক্ষেত্রে নিয়োগকর্তা ও কর্মী উভয়কেই উৎসাহ দেওয়া হবে। এই প্রকল্পে প্রথম চার বছরে ৩০ লক্ষ যুবক এবং তাদের নিয়োগ কর্তারা উপকৃত হবেন বলে আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী নতুন একটি কেন্দ্রের স্পনসর করা প্রকল্পের কথাও ঘোষণা করেছেন। এটা হবে রাজ্য সরকার, শিল্পের সঙ্গে দক্ষতা এবং সহযোগিতার জন্য প্রধানমন্তক্রীর প্যাকেজের অধীন চতুর্থ প্রকল্প। কুড়ি লক্ষ যুবককে দক্ষ করে তোলা সম্ভব হবে। পাঁচ বছরের মেয়াদে এক হাজার শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটকে হাবে আপগ্রেড করা হবে।
এক কোটি যুবকের জন্য পাঁচ হাজার টাকা মাসিক ভাতার ঘোষণা করা হয়েছে। মাসিকভাতার সঙ্গে তাঁদের ইন্টার্নশিপের বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, দেশে উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।
এবারের বাজেটে যেসব পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে বিজেপি বেকারত্বের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। কিন্তু সরকার আগে কখনই বেকারত্বের সমস্যা স্বীকার করেনি। যেসব কারণে বিজেপি সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়েছে,তার মধ্যে বেকারত্বের সমস্যাও রয়েছে। ফলে সরকার নির্বাচন থেকে শিক্ষা নিয়েছে, এমন কথাও বলছেন বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications