কেরলের মালাপ্পুরমে নৌকাডুবিতে মৃত কমপক্ষে ১৮! মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা, চলছে উদ্ধার কাজ
কেরলের মালাপ্পুরম জেলার তানুরে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। থুভলথেরাম পর্যটন স্পটে পুরাপুঝা নদীতে বিনোদনমূলক নৌকা ডুবে যাওয়ার এই দুর্ঘটনা। মন্ত্রী ভি আব্দুরহিমান জানিয়েছেন এথনও পর্যন্ত শিশু ও মহিলা মিলিয়ে ১৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় পুলিশের মতে মৃতের সংখ্যা বাড়তে পারে। কেননা ডাবল ডেকার বোটে কমপক্ষে ৮০ জন যাত্রী ছিলেন। সন্ধে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশ, দমকল, মৎস্যজীবী এবং স্থানীয়়রা উদ্ধার কাজে হাত লাগান।

ক্রেন দিয়ে উল্টে যাওয়া নৌকাটিকে উঠানো হয়। সেখান থেকে বেশ কয়েকটি দেহ উদ্ধার করা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত কমপক্ষে ১০ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রী পিএ মহম্মদ রিয়াস এবং ভি আব্দুরহিমান উদ্ধার অভিযানে সমন্বয় রক্ষা করছেন।
প্রশাসনের শীর্ষ আধিকারিক, সিনিয়র পুলিশ কর্তা এবং রাজনৈতিক নেতারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। কিন্তু অর্যাপ্ত আলো এবং জায়গাটি সরু হওয়ার উদ্ধার কাজ দ্রুত করা যাচ্ছে না। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ডাবল ডেকার বোটে ভালই ভিড় ছিল। তবে সেখানে যাত্রীদের জন্য পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জাম ছিল না।

যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে তা সমুদ্রে কাছে। নৌকাটি উপকূল থেকে প্রায় ৩০০ মিটার দূরে উল্টে যায়। নৌকায় থাকা যাত্রীরা মালাপ্পুরম জেলার পারাপ্পানগাদি ও তানুরের বাসিন্দা। সেখানে বিনোদনমূলক নৌকার পরিষেবার অনুমতি বিকেল ৫ টা পর্যন্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নৌকাডুবিতে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথাও জানিয়েছেন। রাজ্য সরকারের তরফে সোমবার আনুষ্ঠানিকভাবে সরকারি শোক পালনের কথা জানানো হয়েছে। রাজ্যের সব সরকারি অনুষ্ঠান স্থগিতের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications