রাহুল গান্ধীকে নেতা বানাচ্ছে বিজেপি! ২০২৪-এর লক্ষ্যে অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে ভারাচুয়াল বৈঠক। সেই সাগরদিঘিতে দলের হার নিয়ে যেমন অধীর চৌধুরীর সঙ্গে আরএসএস যোগের অভিযোগ করলেন, ঠিক তেমনই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাহুল গান্ধীকে নেতা বানানোর চেষ্টা করছে বিজেপি।

মমতার নিশানায় রাহুল
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাগরদিঘির উপনির্বাচনে হারে অনৈতিক লড়াইয়ের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, আরএসএস-সিপিএম-এর সঙ্গে পরিকল্পনা করে ভোট করেছেন অধীর চৌধুরী। সঙ্গে তিনি রাহুল গান্ধীকে নিশানা করে বলেছেন রাহুল গান্ধী যতদিন থাকবেন, মোদীকে কেউ খারাপ ভাববে না। বিজেপি রাহুল গান্ধীকে নেতা বানানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, দিল্লিতে তোমার সঙ্গে দস্তি করব আর এখানে তুমি বিজেপির সঙ্গে মস্তি করবে। তিনি দাবি করেন, কংগ্রেস বিজেপির কাছে মাথা নত করেছে, কিন্তু তিনি তা করেননি।

সাম্প্রতিক সময়ে তৃণমূলের নিশানায় রাহুল
উল্লেখ করা প্রয়োজন সাম্প্রতিক সময়ে রাহুল দান্ধীকে নিশানায় রেখেছে তৃণমূল কংগ্রেস। লোকসভায় বিজেপি সাংসদরা লন্ডনে করা মন্তব্য নিয়ে রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন। এর জেরে তৃণমূল বলেছে, রাহুলকে বিরোধী শিবিরের মুখ বানাতে চাইছে বিজেপি। নিজেদের সুবিধার জন্যই বিজেপি তা করছে বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে তৃণমূল নেতাদের। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হওয়া বৈঠকে কংগ্রেস ও বিজেপির থেকে সমদূরত্বের কথা বলেছিল তৃণমূল কংগ্রেস। বৈঠকের পরে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তৃণমূল একলা চলার ক্ষমতা রাখে।

আগেও মমতার নিশানায় রাহুল
আগেও মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে নিশানা করেছেন। অর্ধেক সময় রাহুল বিদেশে থাকেন বলে ২০২১-এর ডিসেম্বরে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইউপিএ-র অস্তিত্বের কথাও অস্বীকার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেছিলেন কংগ্রেস গত ১০ বছরে ৯০ শতাংশ নির্বাচনে হেরেছে। ওই বছরেই রাহুল গান্ধীকে বাচ্চা বলেও মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালের মার্চে লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে দিল্লির আপস্টার্ট নেতাদের একজন বলে মন্তব্য করেছিলেন। তৃণমূল সুপ্রিমো আরও বলেছিলেন, এই ধরনের নেতারা লাটসাহেব, জমিরাদেরদের পুত্র-কন্যা, যাঁরা দুঃখকষ্টের কথা জানেন না।

মেঘালয়ে ভোট প্রচারে তৃণমূলকে আক্রমণ করেছিলেন রাহুল
মেঘালয়ে বিজেপির সমর্থনে সরকার গঠন করছেন কনরাড সাংমা। তার আগে ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধী তৃণমূলকে নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন, তৃণমূল কংগ্রেসের ইতিহাসের কথা সবাই জানেন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা এবং কেলেঙ্কারির কথাও সেখানে উল্লেখ করেছিলেন রাহুল। ওয়ানাডের সাংসদ সেখানে গোয়ার কথা উল্লেখ করে বলেছিলেন, গোয়ার মতো মেঘালয়েও বিপুল অর্থ ব্যয় করছে তৃণমূল আর বিজেপিকে শক্তিশালী করছে।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications