রাহুল গান্ধীর 'বিলাসবহুল র্যালি' নিয়ে কটাক্ষ বিজেপির, অসন্তোষ প্রকাশ কৃষক সংগঠনেরও
রাহুল গান্ধীর ট্রাক্টর র্যালিকে "বিলাসবহুল র্যালি" বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় নেতা তথা বিজেপি নেতা হরদীপ সিং পুরী। এদিন তিনি টুইট করে রাহুলের এই ব়্যালিকে বিলাসবহুল বলে কটাক্ষ করেন। তিনি লেখেন, ট্রাক্টরের কুশনড সোফায় বসে ব়্যালি করলে তা প্রতিবাদ হয় না। কংগ্রেস এই প্রতিবাদ রাজনৈতিক কারণে করছে। এতে আমাদের দেশের কৃষকরা ভুল পথে চালিত হচ্ছেন।

বিরোধিতা শোনা গিয়েছে পাঞ্জাবের এক কৃষক সংগঠনের গলাতে
এদিকে একই সুরে বিরোধিতা শোনা গিয়েছে পাঞ্জাবের এক কৃষক সংগঠনের গলাতেও। তাদের কথায়, রাজনৈতিক দলগুলি আগামী নির্বাচনে ফায়দা তোলার জন্যই বিক্ষোভ দেখাচ্ছে। কৃষি আইনের বিরোধিতায় পাঞ্জাবের অমৃতসরের দেবী দাসপুরা গ্রামে কৃষকরা "রেল রোকো" কর্মসূচি পালন করছেন। এই বিক্ষোভ আজ ১২ দিনে পড়ল। ৮ অক্টোবর পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে বলে কৃষকদের তরফে জানানো হয়েছে।

যে ট্রাক্টরগুলি রাহুল ব্যবহার করছেন সেগুলি কৃষকরা ব্যবহার করেন না
ওই কৃষক সংগঠনের নেতা সুখবিন্দর সিং বলেন, 'যে ট্রাক্টরগুলি রাহুল গান্ধী ব্যবহার করছেন সেগুলি কৃষকরা ব্যবহার করেন না। ট্রাক্টরগুলি যথেষ্ট বিলাসবহুল। আর এই র্যালিও তাই বিলাসবহুল। ২০২২-র নির্বাচনকে লক্ষ্য করেই এ এক রণকৌশল। যদি সত্যি তাঁর দলের সদস্যরা আমাদের জন্য কিছু করতে চান তবে তাঁদের সংসদেই বিষয়টি তুলে ধরা উচিত।'

ব্র্যান্ডেড পণ্য এবং কর্পোরেট কোম্পানি বয়কটের সিদ্ধান্ত
বিক্ষোভে সামিল এক কৃষক জরমনজিত সিং বলেন, 'পাঞ্জাবের এই জায়গা থেকেই আমাদের এই লড়াই শুরু হয়েছিল। ২৫০ জনেরও বেশি কৃষক সংগঠন ন্যূনতম সহায়ক মূল্যের এমএসপি সমর্থেনে এগিয়ে এসেছে। আমরা ব্র্যান্ডেড পণ্য এবং কর্পোরেট কোম্পানি বয়কটের সিদ্ধান্ত নিয়েছি।' উত্তরপ্রদেশ, হরিয়ানা সহ দেশের বিভিন্ন প্রান্তে কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ-প্রতিবাদ চলছে।

কৃষকদের কাছে প্রতিজ্ঞা করেন রাহুল
এদিকে প্রতিবাদ মঞ্চ থেকে কৃষকদের কাছে প্রতিজ্ঞা করেন রাহুল। বলেন, কেন্দ্রের ক্ষমতায় এলে কংগ্রেস নয়া কৃষি আইন সরিয়ে দেবে। ন্যূনতম সহায়ক মূল্য, খাদ্য সংগ্রহ এবং পাইকারি বাজারকে দেশের 'তিনটি স্তম্ভ' বলে উল্লেখ করেন তিনি। নরেন্দ্র মোদীর দিকেও অভিযোগের আঙুল ছিল তাঁর। বলেন, প্রধানমন্ত্রী এই ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছেন। কংগ্রেস তা কখনও করতে দেবে না।












Click it and Unblock the Notifications