তৃণমূলের থাবায় বিজেপির জয়ের পথই সুগম গোয়ায়, আভাস এবিপি-সি ভোটারের সমীক্ষায়
গোয়া বিধানসভা নির্বাচনে এবার তৃণমূলের দাক্ষিণ্যে পাল্লা ভারী সেই বিজেপিরই। তৃণমূল কংগ্রেসে থাবা বসানোয় বিজেপির পালেই হাওয়া ভারী। এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপি গোয়ার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ হওয়ার পথে এগিয়ে রয়েছে।
গোয়া বিধানসভা নির্বাচনে এবার তৃণমূলের দাক্ষিণ্যে পাল্লা ভারী সেই বিজেপিরই। তৃণমূল কংগ্রেসে থাবা বসানোয় বিজেপির পালেই হাওয়া ভারী। এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপি গোয়ার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ হওয়ার পথে এগিয়ে রয়েছে। কংগ্রেস নয় পশ্চিম ভারতের ছোট্ট এই রাজ্যে দ্বিতীয় দল হিসেবে আপের উঠে আসার ইঙ্গিত দিয়েছে এই সমীক্ষা।

অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর সত্ত্বেও
বছর ঘুরলেই গোয়া বিধানসভা নির্বাচন। এখানে বিজেপি সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থাকলেও বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে সেই প্রতিকূলতা জয় করে নিয়ে পেরেছে তারা। সেইমতোই এবিপি-সি ভোটারের সমীক্ষায় আভাস, গোয়ায় বিজেপি ১৭ থেকে ২১টি আসন নিয়ে একক সংখ্যা গরিষ্ঠ দল হয়ে উঠতে পারে। উল্লেখ্য, এ রাজ্যে সংখ্যাগরিষ্ঠ দল হতে ২১টি আসন পেতে হবে।

কংগ্রেস ভাঙতে ভাঙতে তলানিতে
সমীক্ষা অনুযায়ী, কংগ্রেসকে তৃতীয় স্থানে নামিয়ে দিতে পারে আম আদমি পার্টি। আম আদমি পার্টি এখানে ৫ থেকে ৯টি আসন পেতে পারে। গোয়ায় কংগ্রেসের আধিপত্য মুছে দিতে একাধারে আম আদমি পার্টি, অন্য ধারে তৃণমূল কাজ করে চলেছে। কংগ্রেস ভাঙতে ভাঙতে তলানিতে নেমে যেতে পারে বলে আভাস সমীক্ষায়। এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস ৪ থেকে ৮টি আসন নিয়ে তৃতীয় হবে গোয়ায়।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে
কংগ্রেস ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বৃহত্তম দল হয়েছিল ১৭টি আসন নিয়ে। বিজেপি ১৩ আসন নিয়ে এ রাজ্যে ক্ষমতা দখল করেছিল অন্যান্যদের নিয়ে। কংগ্রেস ভাঙতে ভাঙতে এ রাজ্যে তিনে নেমে গিয়েছে। অন্য দল থেকে ভাঙিয়ে বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে হয়েছে ২৭। জোটসঙ্গী অন্য আঞ্চলিক দলগুলি থেকেও তারা ভাঙিয়ে নিয়েছে বিধায়ক।

বিজেপির পথ সুগম করে দেবে তৃণমূল
এবার গোয়ায় বিজেপি বিরোধী হাওয়া বইলেও বিরোধী শক্তি ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ায় অঙ্কের বিচারে বিজেপির লাভ হবে। বাংলার তৃণমূল কংগ্রেস এবার পা রেখেছে গোয়া বিধানসভা নির্বাচনে। সমীক্ষা অনুযায়ী, তৃণমূলের তেমন কোনও সম্ভাবনা না থাকলেও, কংগ্রেসের শক্তি হরণ করে তারা বিজেপির পথ সুগম করে দেবে এমন আভাস মিলেছে সমীক্ষায়।

কে কত শতাংশ ভোট ২০২২-এর নির্বাচনে
এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপি পাবে ৩০ শতাংশ ভোট, আপ পাবে ২৪.৪ শতাংশ ভোট। আর কংগ্রেসের ঝুলিতে যাবে ১৯.৭ শতাংশ ভোট। অন্যান্যরা এ রাজ্যে ২৫.৯ শতাংশ ভোট নিয়ে ব্যবধান তৈরি করে দেবে বিজেপির সঙ্গে আপ বা কংগ্রেসের। অন্যান্যদের মধ্যে তৃণমূল ছাড়াও গোয়ার আঞ্চলিক দল জিএফপি ও এমজেপি রয়েছে।












Click it and Unblock the Notifications