নিজস্ব বা অন্য ব্যাঙ্ক, মাসে পাঁচবারের বেশি এটিএম ব্যবহারে টাকা কাটার সুপারিশ

এখন নিয়ম হল, আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাঙ্কের এটিএম নিখরচায় যতবার খুশি ব্যবহার করা যায়। অন্য ব্যাঙ্কের এটিএম বিনা মূল্যে ব্যবহার করা যায় মাসে পাঁচবার। তার বেশি হলে একটা ন্যূনতম টাকা কেটে নেওয়া হয়। চার বছর আগে এই নিয়ম চালু হয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনে।
এখন কী বলছে আইবিএ?
ধরুন, অ্যাক্সিস ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে। বর্তমানে মাসে পাঁচবারের বেশি আপনি যদি অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম ব্যবহার করেন, তবুও চার্জ কাটা হয় না। আর কোনও কারণে অন্য ব্যাঙ্কের এটিএম যদি ব্যবহার করেন, তা হলে প্রথম পাঁচটি দফায় টাকা কাটা হয় না। তার পর প্রতিবার হিসাবে একটা নির্দিষ্ট টাকা কাটা হয়। অবশ্য দশ হাজার টাকার ওপর লেনদেনের ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে। আইবিএ বলছে, নিজস্ব ব্যাঙ্ক বা অন্য ব্যাঙ্ক, সব মিলিয়ে এটিএম ব্যবহারের সংখ্যা হোক পাঁচ। ফি মাসে।
যুক্তি কী? প্রথমত, বেঙ্গালুরুতে সম্প্রতি রক্ষীবিহীন এটিএমে এক মহিলার ওপর হামলা হওয়ার পর সব রাজ্যের পুলিশ ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে যে, এটিএমগুলিতে রক্ষী মোতায়েন করতে হবে। বসাতে হবে সিসিটিভি। এর জেরে ব্যাঙ্কগুলির খরচ বেড়েছে। তা পুষিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, এখন সারা দেশে এটিএমের সংখ্যা হল এক লক্ষ চল্লিশ হাজার। আগামী ছ'মাসে তা দু'লক্ষের কাছাকাছি দাঁড়াবে। এই বিপুল সংখ্যক এটিএমের রক্ষণাবেক্ষণে স্বাভাবিকভাবে খরচ বাড়বে ব্যাঙ্কগুলির। সেই টাকা তুলতে এখন ভরসা গ্রাহকরা!
এখন অন্য কোনও ব্যাঙ্কের এটিএম পাঁচবারের বেশি ব্যবহার করলে প্রতিবার হিসাবে তারা ১৫ টাকা করে পায় আপনার নিজস্ব ব্যাঙ্কের কাছ থেকে। সেটা বাড়িয়ে ১৮ টাকার প্রস্তাবও দিয়েছে আইবিএ। ভারতীয় ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির এই শীর্ষ সংগঠনের সাফাই, গ্রাহকরা অতিরিক্ত পরিষেবা পেতে এমএসএম-এর সুযোগ নিতে পারেন। তা হলে, বারবার এটিএমে গিয়ে গাঁটের কড়ি খসানোর দরকার পড়বে না।












Click it and Unblock the Notifications