রাহুলের হস্তক্ষেপ? নিয়ম শিথিল সিভিল সার্ভিস পরীক্ষায়

সিভিল সার্ভিস পরীক্ষা হল দেশের কুলীন পরীক্ষা। আইএএস, আইপিএস, আইএফএস, আইআরএস, আইআইএস ইত্যাদি ক্ষেত্রে নিয়োগ হয় সিভিল সার্ভিস পরীক্ষা মারফত। এতদিন নিয়ম ছিল, একজন সাধারণ পরীক্ষার্থী চারবার এই পরীক্ষায় বসতে পারবেন। বয়স থাকতে হবে সর্বনিম্ন ২১ বছর, সর্বোচ্চ ৩০ বছর। ওবিসি প্রার্থীরা বসতে পারতেন সাতবার। সর্বোচ্চ বয়সসীমা হল ৩৩ বছর। আর তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীরা যতবার খুশি পরীক্ষায় বসতে পারতেন। বয়সসীমা হল ৩৫ বছর।
২০১৪ সাল থেকে যে নিয়ম কার্যকর হচ্ছে, তা চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফোটাবে। সাধারণ প্রার্থীরা এবার থেকে ছ'বার পরীক্ষায় বসার সুযোগ পাবেন। ওবিসি প্রার্থীরা পাবেন ন'বার। ফলে, যে সাধারণ প্রার্থীরা চারবার পরীক্ষা দিয়েও আইএএস, আইপিএস পাননি, তাঁরা ফের পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন।
কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতর একটি নোটিশ জারি করে জানিয়েছে, আপাতত পরীক্ষায় বসার সুযোগ বাড়ল। বয়স বাড়ানো যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, রাহুল গান্ধীর হস্তক্ষেপে সিভিল সার্ভিস পরীক্ষায় বসার সুযোগ বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, সুযোগ বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন পড়ুয়ারা। কিছুদিন আগে তাঁরা দেখা করেন রাহুল গান্ধীর সঙ্গে। তখন তিনি আশ্বাস দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তাই রাহুল গান্ধী হস্তক্ষেপেই সিভিল সার্ভিস পরীক্ষার নিয়মে বদল হল বলে অনুমান।












Click it and Unblock the Notifications