ব্যাঙ্কে ৪১ টাকা, স্পা-এর শখ মিটিয়ে হোটেলে ১৫ দিন! ৬ লক্ষের বিলই পুলিশের জালে আনল অন্ধ্রের মহিলাকে
Andhra Woman: মানুষ শখ মেটাতে কত কী-ই না করেন! এই যেমন অন্ধ্র প্রদেশের এক মহিলা। আপাতত যিনি দিল্লিতে শ্রীঘরে। তবে তার আগে ১৫ দিন জম্পেশভাবে কাটিয়েছেন দিল্লির এক অভিজাত হোটেলে।
স্পা-এর বিলই পৌঁছেছে ২ লক্ষ ১১ হাজার টাকায়। হোটেলের বিল দাঁড়ায় ৬ লক্ষ টাকা। যদিও পরে দেখা যায় ওই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৪১ টাকা।

দিল্লির এরোসিটিতে পুলম্যান হোটেলে উঠেছিলেন অন্ধ্র প্রদেশের মহিলা। ১৩ ডিসেম্বর হোটেল বুক করেছিলেন। যদিও সেই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে প্রতারণা করতে গিয়েই গ্রেফতার হলেন। পুলিশ জানতে পেরেছে, ওই মহিলার নাম ঝাঁসি রানি স্যামুয়েল। স্পা পরিষেবা নিতে গিয়ে ভুয়ো পরিচয়পত্র দেখান।
ইশা দাভে নামের এক মহিলার ভুয়ো আইডেন্টিটি কার্ড দেখিয়েই হোটেলে ২ লক্ষ ১১ হাজার টাকার স্পা পরিষেবা নেন স্যামুয়েল। তবে চালাকি ধরা পড়ে গেল অনলাইনে হোটেল বিল মেটাতে গিয়েই। তিনি হোটেলের এক কর্মীকে দেখান, আইসিআইসিআই ব্যাঙ্কের ইউপিআই অ্যাপ ব্যবহার করে বিল মিটিয়েছেন।
যদিও কিছুক্ষণের মধ্যেই হোটেল কর্তৃপক্ষ দেখে এই টাকা জমা পড়েনি। পুলিশ মনে করছে, অ্যাপ দেখানোর ক্ষেত্রেও কোনও জালিয়াতি করেছেন ধৃত মহিলা। ১৩ জানুয়ারি স্যামুয়েলকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। স্যামুয়েল পুলিশকে জানান, তিনি একজন চিকিৎসক। তাঁর স্বামীও চিকিৎসক, নিউ ইয়র্কে থাকেন।
যদিও এখনও পুলিশ ওই মহিলার দাবি বা সঠিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে ব্যাঙ্কে ৪১ টাকা নিয়ে কীভাবে তিনি লাখ লাখ টাকার বিল তুললেন, স্পা পরিষেবা নিলেন, সেটাই অবাক করছে তদন্তকারীদের। তবে দিল্লির অভিজাত হোটেলে এমন প্রতারণার চেষ্টা নতুন নয়।
গত বছরও দিল্লির এক পাঁচতারা হোটেলে এমন প্রতারণার ঘটনা ঘটেছিল। হোটেল থেকে মূল্যবান সামগ্রী চুরিও করে পিঠটান দেন এক যুবক। আবু ধাবির রাজ পরিবারের সদস্য হিসেবে নিজের পরিচয় দিয়ে তিনি উঠেছিলেন দিল্লির লীলা প্যালেস হোটেলে। মাস চারেক ছিলেন। কিছু সরকারি কাজে তাঁর ভারতে আসা বলে জানিয়েছিলেন হোটেলের কর্মীদের। ৩৫ লক্ষ টাকার বিল ওঠে। ২৩ লক্ষ টাকা না মিটিয়েই পালিয়ে যান।












Click it and Unblock the Notifications