সরকারকে বদনামের জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র, নতুন এফআইআর দায়ের করল যোগীর পুলিশ
সরকারকে বদনামের জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র, নতুন এফআইআর দায়ের করল যোগীর পুলিশ
উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ডের জেরে রীতিমতো মুখ পুড়েছে যোগী সরকারের। এবার আদিত্যনাথের সরকারের মান বাঁচাতে তৎপর হল উত্তরপ্রদেশের পুলিশ। পুলিশের দাবি, জাতপাতে দোহাই দিয়ে সাম্প্রদায়িক হিংসা ও হাথরাসে হওয়া ১৯ বছরের দলিত তরুণীর গণধর্ষণকে সামনে রেখে যোগী আদিত্যনাথ সরকারের ভাবমূর্তি নষ্ট করার পেছনে কোনও 'আন্তর্জাতিক ষড়যন্ত্রের’ গন্ধ পাচ্ছে তারা। রবিবার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হাথরাসের চাঁদপা পুলিশ থানার অন্তর্গত রাষ্ট্রদ্রোহিতা সহ ভারতীয় দণ্ডবিধির বেশ কিছু কঠোর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্রের খবর এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে জাস্টিসফরহাথরাসভিক্টিম ডট কার্ড ডট কো নামে একটি ওয়েবসাইট, যেখানে বলা হয়েছে কিভাবে পুলিশকে এড়িয়ে সুরক্ষিতভাবে প্রতিবাদ করা যায়। ওই সাইটটি এরপরই বন্ধ করে দেওয়া হয় এবং তা ইন্টারনেটে উপলব্ধ নয়। ওই ওয়েবসাইটে এও বলা ছিল যে সাম্প্রদায়িক হিংসার সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়লে সুরক্ষিত থাকার জন্য কি করণীয় আর কি করণীয় নয়। সূত্র মারফত জানা গিয়েছে, আমেরিকার ব্ল্যাক লাইভ ম্যাটার্স থেকে অনলাইনে শেয়ার করা অধিকাংশ লেখাই এই ওয়েবসাইটে তোলা হয়েছে।
চাঁদপা পুলিশ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার এই এফআইআরের বিষয়ে নিশ্চিত করে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন। কিন্তু এ বিষয়ে আর কিছু বলতে চাননি। তবে এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি এডিজি আইন–শৃঙ্খলা প্রশান্ত কুমার।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই বিজেপি কর্মীদের সতর্ক করে বলেছিলেন, 'যারা রাজ্যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটানোর জন্য উস্কানি দিচ্ছে তাদের মুখোশ খুলে দিতে হবে। যারা দেশের উন্নয়ন চায় না তারাই এই কাজ করছে।’ এরপরই পুলিশ উত্তরপ্রদেশ পুলিশ সাম্প্রদায়িক হিংসার ঘটনাকে সামনে এনে যোগী সরকারকে বদনাম করার ষড়যন্ত্রে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করল।












Click it and Unblock the Notifications