Amit Shah: অশান্তির আগুনে জ্বলছে মণিপুর, ভোটের মহারাষ্ট্রে প্রচার বাতিল শাহের; দিল্লিতে বৈঠকের সম্ভাবনা
Amit Shah: মহারাষ্ট্রে বিধানসভা ভোটের (Maharashtra Assembly Election 2024) আর তিন দিন বাকি। এদিকে রবিবাসরীয় প্রচার বাতিল করে তার আগে দিল্লি ফিরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, মণিপুরে ফের অশান্তির (Manipur Violence) ঘটনা সামনে আসতেই উদ্বেগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেকারণেই মহারাষ্ট্রে সভা বাতিলের সিদ্ধান্ত শাহের।
শনিবার ফের নতুন করে অশান্ত হয়েছে মণিপুর। মন্ত্রী বিধায়কদের বাড়িতে হামলার পর স্বয়ং মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। তাদের প্রতিহত করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। রবিবার সকালে খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে নয়াদিল্লি। সূত্রের খবর, মণিপুরে নজর রাখতে সভা বাতিলের সিদ্ধান্ত নেন অমিত শাহ।

সূত্রের দাবি, মণিপুর নিয়ে বৈঠকে বসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে মণিপুরের পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক (Review Meeting) করতে পারেন অমিত শাহ। মণিপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় নিরাপত্তা টিম পাঠাতে পারেন অমিত শাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মণিপুর থেকে কেন্দ্রকে সহায়তা করবে সেই টিম।
২০ নভেম্বর বুধবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ভোটের আগে শেষ রবিবার একাধিক জনসভা ছিল অমিত শাহর। বিজেপির হয়ে রাজ্যে ভোটপ্রচারের কথা ছিল। কিন্তু এর মাঝেই ফের অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। সভায় কাটছাঁট করে দিল্লি ফিরে গেলেন শাহ।
শনিবার মণিপুরের তিন মন্ত্রী ও ছয় বিধায়কের বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। ইম্ফল ও থৌবাল জেলার নানা প্রান্তে হামলা চালানো হয়। আগুনও ধরিয়ে দেওয়া হয় বাড়িতে। মণিপুরের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (N Biren Singh) জামাইয়ের বাড়িতেও হামলা চালানো হয়।
গত সপ্তাহেই জিরিবামে নিরাপত্তাকর্মীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলেছিল। সংঘর্ষে মারা যায় কুকী গোষ্ঠীর ১০ সশস্ত্র সদস্য। ৬ জনকে জঙ্গিরা অপহরণ করেছিল বলে অভিযোগ করা হয়। এরপরই শনিবার বরাক নদী থেকে উদ্ধার হয় ৬টি দেহ। মৃতদের মধ্যে ছিল একটি ৮ মাসের শিশুও। এরপরই প্রতিবাদকে কেন্দ্র করে মণিপুরে ফের অশান্তি শুরু হয়।












Click it and Unblock the Notifications