'নন্দীগ্রামে মমতার স্কুটার পড়ে যাবে', মোদীর মন্তব্যেও স্পষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত, বিস্ফোরক সৌগত
দুর্ঘটনা নয়, ষড়যন্ত্র হয়েছে। আর ষড়যন্ত্র করেই আঘাত করা হয়েছে তৃণমূল সুপ্রিমোকে। জাতীয় নির্বাচন কমিশন গিয়ে ফের একবার এমনই অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।
দুর্ঘটনা নয়, ষড়যন্ত্র হয়েছে। আর ষড়যন্ত্র করেই আঘাত করা হয়েছে তৃণমূল সুপ্রিমোকে। জাতীয় নির্বাচন কমিশন গিয়ে ফের একবার এমনই অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।
শুক্রবার সকালেই দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন তৃণমূলে প্রতিনিধি দল। প্রায় এক ঘন্টা কমিশনের সঙ্গে বৈঠক করেন।

আগেই হামলার আশঙ্কা করা হয়েছিল
পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদেক মুখোমুখি হন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, অনেক আগেই হামলার আশঙ্কা করা হয়েছিল। বিজেপির দুই নেতাকে আগেই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কিছু হতে পারে। উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় কমিশন নিজেও উদ্বিগ্ন বলে দাবি করেন বর্ষীয়ান এই সাংসদ।

মোদীর কথাতেও হামলার ইঙ্গিত ছিল!
জাতীয় নির্বাচন কমিশন থেকে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সৌগত রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার ষড়যন্ত্র আগেই তৈরি করা হয়েছিল। এরপরেও নিরাপত্তার গাফিলতি ছিল বলে অভিযোগ সাংসদের। সৌগতবাবু বলেন, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং সৌমিত্র খাঁ তাঁদের সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রীর উপরে যে কিছু একটা ঘটতে পারে সেই ইঙ্গিত দিয়েছিলেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ব্রিগেডে দাঁড়িয়ে বলেছিলেন যে, নন্দীগ্রামে দিদির স্কুটি উল্টে যাবে! ফলত এখানেই স্পষ্ট কীভাবে নন্দীগ্রামে নেত্রীর উপর হামলার ছক সাজানো হয়েছিল। এই বিষয়ে কমিশনের নেতৃত্বে একেবারে উচ্চপর্যায়ের তদন্তের দাবি তৃণমূল সাংসদদের। মমতা বন্দ্যোপাধ্যায় কোনও সাধারণ মানুষ নন। উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে দাবি তৃণমূলের বর্ষীয়ান এই সাংসদের।

দুর্ঘটনা নয়, একেবারেই ষড়যন্ত্র
সৌগতবাবু বলেন, এই ঘটনা কোনও নিছক দুর্ঘটনা নয়, এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। এমনটাই মনে করেন তিনি। সৌগত রায় এদিন অভিযোগ করে বলেন যে, "মুখ্যমন্ত্রীর গাড়ি কোনও পোস্টে ধাক্কা মারেনি। জোর করে গাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা সেই ভিডিয়ো প্রেস কনফারেন্সে দেখিয়েছি।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে বিজেপি যোগ!
এই ঘটনার পর বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী মুখ খোলেন। তাঁরা দাবি করেন যে, মুখ্যমন্ত্রীর উপর কোনও হামলা হয়নি। রাস্তার পাশে থাকা লোহার রোডে ধাক্কা লেগেই আঘাতপ্রাপ্ত হন নাকি মুখ্যমন্ত্রী। সে বিষয়েও চাঞ্চল্যকর অভিযোগ সৌগত রায়ের। তিনি বলেন, যারা বলছেন তাঁরা বিজেপি। যে প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমে বয়ান দিয়েছেন, তাঁদের বাড়িতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু তাঁদের বাড়িতে গিয়ে ভাত খাচ্ছেন।" এ ঘটনায় উচ্চ পর্যায়ের দাবি জানিয়েছেন তাঁরা।

আক্রমণের পূর্বাভাস আগেই ছিল, বিস্ফোরক পার্থ
বৃহস্পতিবারই রাজ্য নির্বাচন কমিশনের মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায়রা। তাঁরা অভিযোগ করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় রয়েছে বড়সড় ষড়যন্ত্র। পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, বিজেপির বক্তব্যে এটা স্পষ্ট ছিল যে তাঁর উপর আক্রমণ হতে পারে। তা সত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে নিরাপত্তাহীন অবস্থায় তাঁর উপরে যে আক্রমণ হল সেই দায়িত্ব কার? আইনশৃঙ্খলা আজকে অবনতির দিকে নিয়ে যাওয়ার এবং রাজ্যে রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত পুলিশ শাসনের যে চেষ্টা হচ্ছে তার প্রতিবাদ কমিশনে পার্থবাবুরা জানান গত ২৪ ঘন্টা আগেই। পুলিশকে নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ জানান কমিশন। চাপ বাড়াতে এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল শীর্ষ নেতৃত্ব।












Click it and Unblock the Notifications