উত্তরপ্রদেশ রয়েছে উত্তরপ্রদেশেই, ফের গাছের ডালে ঝুলন্ত মৃতদেহ মিলল নাবালিকার

বুধবার রাত থেকেই নিখোঁজ হয়ে যায় ১৬ বছরের ওই বালিকা। রাজপুরা গ্রামে পরিবারের সঙ্গেই সে থাকত। নাবালিকার পরিবারের অভিযোগ, বুধবার রাতেই মেয়ের নিখোঁজ ডায়েরি দায়ের করাতে ঠাকুরদ্বারা থানায় যান তারা। ঘটনাটি সেখানকার কর্তব্যরত পুলিশকে বলা হলেও তারা বিষয়টিতে গুরুত্ব দেননি। এবং তাঁদের বলা হয় বৃহস্পতিবার সকালে থানায় এসে রিপোর্ট লেখাতে।
বৃহস্পতিবার সকালে গ্রামের বাইরে একটি গাছে ওই ষোড়শীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। পরিবারের তরফে জানানো হয়েছে, একাদশ শ্রেণীর ছাত্রী ছিল মৃতা। বাড়ির লোকজন একটি বিয়ের অনুষ্ঠানে গেলে বাড়িতে একাই ছিল সে। বাড়ি ফিরে তাঁরা দেখেন বাড়ির দরজা আধ খোলা রয়েছে এবং বাড়ি থেকে নিখোঁজ মেয়ে।
সারা বাড়ি, আশপাশের এলাকা তন্নতন্ন করে খোঁজা হলেও পাওয়া যায়নি ওই মেয়েটিকে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এই ঘটনার তদন্তে নেমে এমন কোনও কিছুই পুলিশের হাতে আসেনি যার ফলে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয়। এইসঙ্গে পুলিশ জানিয়েছে, সমস্ত সম্ভাবনাগুলি খতিয়ে দেখা হচ্ছে। শত্রুতার জেরে খুন হতে পারে মনে হলেও এখনও কোনওকিছু নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।
খুনের আগে ওই নাবালিকাকে ধর্ষণ বা তার উপর যৌন অত্যাচার চালানো হয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই নিশ্চিত করে বলা যাবে। তবে পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে, মেয়েকে প্রথমে অপহরণ করে ধর্ষণ ও খুন করা হয়েছে।
সপ্তাহ দুয়েক আগে এই একই কায়দায় বাদৌনে গাছ থেকে ঝুলিয়ে দেওয়ী হয়েছিল ১৪ ও ১৫ বছরের দুই দলিত বোনকে। (আরও পড়ুন) এক্ষেত্রেও প্রথমে তাঁদের অপহরণ করা হয়, পরে গণধর্ষণ করে জীবন্ত অবস্থায় দড়িতে ফাঁস লাগিয়ে গাছে ঝুলিয়ে দিয়ে খুন করা হয়।












Click it and Unblock the Notifications