DA Hike: দোল-হোলির আগেই বাড়বে মহার্ঘ ভাতা! কতটা বেতন বৃদ্ধি হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের?
DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যে খুব শীঘ্রই সুখবর শোনাতে পারে কেন্দ্র। জানুয়ারি থেকে জুনের বেতন বৃদ্ধির পর্বে কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়াতে মোদী সরকার। হোলির (Holi 2025) আগেই কর্মচারীদের ডিএ বাড়তে পারে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, সপ্তম বেতন কমিশনে ২ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। মূল্যবৃদ্ধির কথা বিবেচনা করে বছরে ২ বার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র। যথাক্রমে জানুয়ারি ও জুলাই মাস থেকে তা কার্যকর হয়। মহার্ঘ ভাতা বাড়লে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সার্বিকভাবে মাসিক বেতনও বৃদ্ধি পায়।

বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। যা বেড়ে ৫৫ শতাংশ হতে পারে বলেই খবর সূত্রের। তবে এব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
১৪ মার্চ রয়েছে দোলযাত্রা ও হোলি উৎসব। তার আগেই কর্মচারীদের মুখে হাসি ফোটাবে কেন্দ্রের ডিএ বৃদ্ধির ঘোষণা। শেষবার ২০২৪ সালের অক্টোবরে ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র। ৩ শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছিল।
বেসিক পে-এর উপর নির্ভর করে ৫০ শতাংশ থেকে ৫৩ শতাংশ হয়েছিল ডিএ-র পরিমাণ। পেনশনভোগীদের (Pensioners) ডিআর (DR) বৃদ্ধি পেয়েছিল একই পরিমাণে। ডিএ সরকারি কর্মচারীদের ও ডিআর পেনশনভোগীদের দেওয়া হয়ে থাকে।
গত বছর মার্চে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছিল। ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশ করা হয়েছিল মহার্ঘ ভাতা। তবে বর্তমানে ৫৩ থেকে ২ শতাংশ ডিএ বাড়লে কতটা বেতন বাড়বে সরকারি কর্মচারীদের?
ধরা যাক, যে কর্মচারীর বেসিক পে প্রতি মাসে ১৮ হাজার টাকা, প্রতি মাসে তার ডিএ-র সঙ্গে ৩৬০ টাকা করে বেশি হবে। চলতি বছরের পয়লা জানুয়ারির হিসেবে তা কার্যকর হয়ে গিয়েছে।
কারও বেতন যদি ৩০ হাজার টাকা হয় ও বেসিক পে ১৮ হাজার টাকা হয়, তাহলে বর্তমানে তিনি মহার্ঘ ভাতা হিসেবে ৯ হাজার ৫৪০ টাকা পেয়ে থাকেন। যা বেসিক পে-এর ৫৩ শতাংশ।
যদিও ২ শতাংশ ডিএ বৃদ্ধি হয়, তাহলে এবার থেকে সংশ্লিষ্ট কর্মচারী ৯ হাজার ৯০০ টাকা পাবেন। যদি ৩ শতাংশ ডিএ বৃদ্ধি হয়, তাহলে সেক্ষেত্রে ৫৪০ টাকা বেড়ে প্রতি মাসে কর্মচারীর ডিএ হবে ১০ হাজার ৮০ টাকা।












Click it and Unblock the Notifications