দুর্ঘটনায় আহত? আর টাকার চিন্তা নয়, এখন থেকে পাওয়া যাবে ফ্রি চিকিৎসা, চালু হল প্রকল্প, কী সুবিধা পাওয়া যাবে?
সড়ক দুর্ঘটনায় আহত হলে আর টাকার চিন্তা একদমই নয়। কেন্দ্রের নতুন 'PM RAHAT (Road Accident Victim Hospitalization and Assured Treatment)' প্রকল্পে দুর্ঘটনার প্রথম দিন থেকে টানা ৭ দিন পর্যন্ত কোনওরকম টাকা ছাড়া চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে সরকার। রোগীকে বা রোগীর পরিবারকে এক টাকাও দিতে হবে না।

বিশেষজ্ঞদের মতে, দুর্ঘটনার পর থেকে প্রথম এক ঘণ্টার মধ্যে চিকিৎসা পাওয়া গেলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব হয়ে ওঠে। কিন্তু অর্থসংক্রান্ত দুশ্চিন্তার কারণেই অনেক সময় হাসপাতালে ভর্তি হতে দেরি হয়ে যায় অনেকেরই। এই সমস্যার সমাধান করার জন্যেই আনা হয়েছে এই প্রকল্প।
দুর্ঘটনার সময় আহত ব্যক্তি, পথচারী অথবা প্রত্যক্ষদর্শী, যে কেউই ১১২ নম্বরে ফোন করতে পারবেন। সেখান থেকে নিকটবর্তী নির্ধারিত হাসপাতাল এবং অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হবে। পুলিশ, হাসপাতাল এবং অ্যাম্বুল্যান্স পরিষেবা একই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত থাকবে।
সমস্ত ধরনের সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যাবে। চোট যদি গুরুতর না হয় তাহলে ২৪ ঘণ্টা পর্যন্ত স্থিতিশীল করার চিকিৎসা, আর প্রাণসঙ্কট হলে ৪৮ ঘণ্টা পর্যন্ত জরুরি পরিষেবা পাওয়া যাবে। তবে পুরো সাত দিনের চিকিৎসাই কভার করা থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই পুলিশের ডিজিটাল অনুমোদন প্রয়োজন হবে।
সম্পূর্ণ প্রক্রিয়া চলবে দুটি সরকারি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে:
- eDAR (ইলেকট্রনিক ডিটেইলড অ্যাক্সিডেন্ট রিপোর্ট), যা সড়ক পরিবহন মন্ত্রক পরিচালনা করে।
- TMS 2.0 (ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম), যা ন্যাশনাল হেলথ অথরিটির অধীনে রয়েছে।
দুর্ঘটনার রিপোর্ট থেকে হাসপাতালের বিল মেটানো পর্যন্ত সমস্ত কিছুই অনলাইনে সম্পন্ন হবে। টাকাগুলি আসবে মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট ফান্ড (Motor Vehicle Accident Fund) থেকে। যদি গাড়ির বীমা থাকে তাহলে বিমা সংস্থা দেবে খরচ, আর বিমাহীন ক্ষেত্রে কেন্দ্র সরকার বহন করবে সমস্ত খরচ। দাবি মঞ্জুর হয়ে গেলে ১০ দিনের মধ্যে হাসপাতালকে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।
এই নিয়ে যদি কোনও অভিযোগ ওঠে, তা জেলা সড়ক সুরক্ষা কমিটি দেখবে। যার দায়িত্বে থাকবেন জেলা শাসক অথবা ম্যাজিস্ট্রেট।
পরিবহন, স্বাস্থ্য, পুলিশ এবং বিমা, সমস্ত দফতরকে একসাথে এনে তৈরি এই প্রকল্প কতটা কার্যকর হয়, তা হাসপাতালের অংশগ্রহণ, ১১২ পরিষেবার গতি এবং স্থানীয় প্রশাসনের তৎপরতার উপর নির্ভর করবে। তবে লক্ষ্য একটাই, সেটি হল সড়ক দুর্ঘটনায় সময়মতো চিকিৎসা দিয়ে প্রাণ বাঁচানো।












Click it and Unblock the Notifications