৪৮ হাজার তৃতীয় লিঙ্গের নাগরিক এবার ভোট দেবেন লোকসভা নির্বাচনে
গত পাঁচ বছরে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা অনেকটাই বাড়ল এই ভারতে। জাতীয় নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে, তাতেই এই বিষয়টি সামনে এসেছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে গতকাল শনিবার। এবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে ৪৮ হাজার তৃতীয় লিঙ্গের নাগরিক।
এবার ১৮ তম লোকসভা নির্বাচনে ভারতবর্ষের। বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক দেশের লোকসভা নির্বাচনের ঘণ্টা পড়ে গেল। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার শনিবার সাংবাদিক বৈঠক করেন। সেখানেই ভোটের পর্যায়, দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এবার ভারতবর্ষে ৯৭ কোটি নাগরিক ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।

এই বিশাল সংখ্যক নাগরিকের মধ্যে তৃতীয় লিঙ্গের আওতাভুক্তরাও রয়েছে। এবার তাদের মোট সংখ্যা ৪৮ হাজার। ২০১৯ সালে লোকসভা নির্বাচন হয়েছিল। সেই সময় তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ছিল ৩৯ হাজারের সামান্য বেশি। এবার সেই সংখ্যা ৯ হাজারের বেশি বেড়েছে।
২০১৯ সালে তৃতীয় লিঙ্গের সর্বাধিক বেশি ভোটার দেখা গিয়েছিল উত্তরপ্রদেশে। সেখানে ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা ছিল ৭,৭৯৭ জন। এর পরে তামিলনাড়ু (৫,৭৯৩) এবং কর্ণাটক (৪,৮২৬)। কোন ট্রান্সজেন্ডার ভোটার নেই এমন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলও রয়েছে। সেগুলি হল অরুণাচল প্রদেশ, দমন এবং দিউ, গোয়া, লক্ষদ্বীপ, মেঘালয়, নাগাল্যান্ড ও সিকিম।
মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমারের মতে, কোনও ভোটারকে পিছিয়ে রাখা যাবে না। ভোটের সমানাধিকার রয়েছে। সেই কারণে নির্বাচনী প্রক্রিয়ায় সমাজের সকল শ্রেণির অন্তর্ভুক্তি নিশ্চিত করার কাজ চলছে। প্রয়োজনীয় প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।
তৃতীয় লিঙ্গের মানুষদের ভোটাধিকারের মধ্যে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। তাদের উদ্বুদ্ধ করা, নির্বাচনী প্রেক্ষাপটে সামিল করানোর কাজ চলে আসছে বহু বছর ধরে। সচেতনতা ছড়িয়ে দেওয়ার কাজ চলছে। সাধারণ নাগরিকরাও সচেতন হচ্ছে। সেই কারণেই তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ক্রমশ বাড়ছে। এমনই মনে করছে নির্বাচন কমিশন।
এবার দেশে সাত দফায় লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হবে। শেষ দফার ভোট ১ জুন। ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা। ৫৪৩ টি আসনে এবারও ভোটগ্রহণ করা হবে।












Click it and Unblock the Notifications