Kamakhya Express: বেলাইন বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেসের ১১টি কোচ, মৃত ১, আহত ১৮; ঘুরপথে বাংলার একাধিক ট্রেন
Kamakhya Express Derailed: আবারও রেল দুর্ঘটনা। রবিবার ওড়িশার কটকের কেন্দাপাড়ার কাছে বেলাইন কামাখ্যা এক্সপ্রেস। এসএমভিটি বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যাগামী এসি সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। কেন্দাপাড়ার মাঙ্গুলি রেল স্টেশনের কাছে নিরগুন্দি এলাকায় লাইনচ্যুত হয়ে যায় ট্রেন। দুর্ঘটনার সময় বেঙ্গালুরু থেকে কামাখ্যার দিকে যাচ্ছিল ১২৫৫১ আপ বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস।
রবিবার বেলা ১১টা ৫৪ মিনিটে ঘটে দুর্ঘটনা। যাত্রীরা জানান, দুর্ঘটনার আগে ধীর গতিতেই যাচ্ছিল ট্রেনটি। তাতেই রক্ষে হয়েছে। এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। হঠাৎ করেই প্রবল ঝাঁকুনি অনুভব হয়। হুড়মুড়িয়ে সিট থেকে নিচে পড়ে যান যাত্রীরা। কোনওমতে বাইরে বেরিয়ে যাত্রীরা দেখেন প্রায় ১১টি বগি লাইন থেকে নিচে নেমে গিয়েছে। তবে এলএইচবি কোচ হওয়ায় কোচগুলি উল্টে যায়নি। আইসিএফ কোচ হলে দুর্ঘটনা আরও ভয়াবহ হতে পারত বলে অনুমান।

ঘটনা মাত্রই ট্রেন থেকে মালপত্র নিয়ে প্রখর রোদের মধ্যে লাইনে নেমে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছন খুরডা রোড ডিভিশনের ডিআরএম, ইস্ট কোস্ট রেলের জিএম ও রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির যাত্রীদের গন্তব্যে পৌঁছতে বিকল্প ব্যবস্থা নিচ্ছে রেল। ঘটনাস্থলে পৌঁছয় রেলের মেডিক্যাল রিলিফ ট্রেনও।
তবে যাত্রীদের সুবিধার্থে ইতিমধ্যেই হেল্পলাইন চালু করেছে রেল। ভূবনেশ্বর (8455885999), কটক (8991124238 / 7205149591) ও ভদ্রক (9437443469) স্টেশনে খোলা হয়েছে হেল্পলাইন নম্বর। ট্রেনে থাকা পরিজনদের খোঁজ নেওয়া-সহ যাবতীয় ইনফরমেশনের জন্য ওই নম্বরগুলিতে ফোন করতে পারবেন যাত্রীরা। ভূবনেশ্বর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মেও খোলা হয় হেল্পডেস্ক। হেল্পডেস্কের নম্বর 8114382371।
জানা গিয়েছে, ট্রেনটির B6 কোচ B14 পর্যন্ত সবকটি কোচ লাইনচ্যুত হয়েছে। আপাতত ওই রুটে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। 12822 পুরী থেকে শালিমারগামী ধৌলি এক্সপ্রেসকে বরং জংশন দিয়ে ঘুরপথে চালানো হবে। 12875 পুরী থেকে দিল্লির আনন্দবিহার টার্মিনালগামী নীলাচল এক্সপ্রেস ভূবনেশ্বর দিয়ে ঘুরপথে চলবে। 22606 তিরুনেলভেলি থেকে পুরুলিয়াগামী সুপারফাস্ট এক্সপ্রেস রেটাং রেলস্টেশন দিয়ে ঘুরপথে চালানো হবে বলে জানিয়েছে রেল।












Click it and Unblock the Notifications